পালিয়ে বেড়ানো বাংলাদেশের ফাঁসির আসামি নয়াদিল্লিতে গ্রেপ্তার

ইসলাম টাইমস ডেস্ক: বাগেরহাটের শরণখোলার চাঞ্চল্যকর জাহিদুল (২৫) হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পালিয়ে বেড়ানো আসামি মাসুম হাওলাদারকে ইন্টারপোলের মাধ্যমে ভারতের নয়াদিল্লি থেকে প্রেপ্তার করা হয়েছে।

শরণখোলা থানা পুলিশের তথ্যানুযায়ী, গত বৃহস্পতিবার তাকে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে বলে নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে।

গ্রেপ্তার মাসুম হাওলাদার (৩২) উপজেলার বাধাল গ্রামের আদম আলী হাওলাদারের ছেলে।

শরণখোলা থানা পুলিশ গ্রেপ্তারের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আসামি ফিরিয়ে আনতে প্রক্রিয়া শুরু করেছে।

রোববার শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, আসামিকে ফিরিয়ে আনার ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ব্যাপারে আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা যাবে না।

জানা গেছে, উপজেলার নলবুনিয়া গ্রামের মৃত ছিদ্দিক তালুকদারের ছেলে জাহিদুল ইসলামকে ২০০৫ সালের ৬ জুন রাতে পার্শ্ববর্তী ফসলের মাঠে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। নিহত জাহিদুল নলবুনিয়া বাজারে মোবাইল ফোন ও ফ্লেক্সির ব্যবসা করতেন।

জাহিদুলের চাচাতো ভাই উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন জানান, ২০১৩ সালের শুনানিতে বাগেরহাটের বিচারক মাসুমকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। অন্য আসামিরা খালাস পেয়ে যান।

কিন্তু মাসুম পরে জামিন নিয়ে বের হতে সক্ষম হন। এরপর পালিয়ে যান ভারতে। আর কখনোই দেশে ঢোকেননি।

জাহিদুল একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য। দেশে ও ভারতের নায়াদিল্লিতে তার বিরুদ্ধে অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

-এনটি

পূর্ববর্তি সংবাদরাজনীতি করতে গেলে জেলে যেতে হতে পারে সেটা জানি: প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদবিদায় নেয়ার আগে ট্রাম্পের মধ্যস্থতায় আরো মুসলিম দেশের সাথে সম্পর্ক চায় ইসরাইল