ইসরাইলে বাড়ছে করোনার প্রাদুর্ভাব, তৃতীয়বারের মতো দেশজুড়ে লকডাউন

ইসলাম টাইমস ডেস্ক: ইসরাইলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় তৃতীয়বারের মতো দেশজুড়ে ফের লকডাউন দেয়া হয়েছে। রোববার বিকাল থেকে দেশটিতে লকডাউন কার্যকর করা হয়। এতে কিছু কড়া বিধি নিষেধ আরোপ করা হয়।

টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার বিকাল ৫টা থেকে লকডাউন কার্যকর করা হয়েছে। অনন্ত দুই সপ্তাহের জন্য দেশজুড়ে থাকবে এমন পরিস্থিতি। তবে শনাক্তের হার বাড়তে থাকলে লকডাউন আরও বাড়ানো হতে পারে।

দেশটির কান টিভি চ্যানেলে জানানো হয়েছে, লকডাউন বাস্তবায়নে দেশ জুড়ে পুলিশ সদস্যরা সড়কগুলো বন্ধ করে সতর্ক অবস্থায় রয়েছে।

লকডাউনের বিধি নিষেধে বলা হয়েছে, স্থানীয়রা নিজেদের বাড়ি থেকে এক কিলোমিটারের মধ্যে অবস্থান করতে পারবেন। তবে চিকিৎসা ও খাবারের জন্য কিছুটা শিথিলযোগ্য।

করোনা মহামারী শুরুর পর থেকে ইসরাইল এ পর্যন্ত তিন বার লকডাউনে গেছে। দেশটিতে প্রথম এপ্রিলের মাঝামাঝি এবং সেপ্টেম্বরে লকডাউন দেয়া হয়।

এদিকে করোনা থেকে সুরক্ষায় ১৯ ডিসেম্বর থেকে ইসরাইলে করোনার ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৯৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।  এ নিয়ে ইসরাইলে মোট আক্রান্তের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে।  আর এ পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ২২৫ জন।

-এনটি

পূর্ববর্তি সংবাদহজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন আইন, অনিয়ম করলে নিবন্ধন বাতিলের আশঙ্কা এজেন্সিগুলোর
পরবর্তি সংবাদদ্বিতীয় দফায় ভাসানচরের পথে ১১৩৪ রোহিঙ্গা