ইসলাম টাইমস ডেস্ক: কক্সবাজারের উখিয়া-টেকনাফের শরণার্থী শিবির থেকে দ্বিতীয় দফায় ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ১ হাজার ১৩৪ জন রোহিঙ্গা।
সোমবার (২৮ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রামের পথে রোহিঙ্গাদের নিয়ে যাত্রা শুরু করে ১৩টি বাস। এরপর বেলা ৩টার দিকে আরও ১০টি বাস রওনা দেয়।
আগের মতো উখিয়া ডিগ্রি কলেজ মাঠ এলাকা থেকে তিন দলে ভাগ করে বাসগুলো চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। উখিয়ার মূল ক্যাম্প ছাড়াও পুরো ৩৪টি ক্যাম্প থেকে ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গারা ট্রানজিট পয়েন্টে রোববার বিকেল থেকে আসতে শুরু করে। বাকিরা সোমবার সকাল ও দুপুরে এসে পৌঁছায়।
এরপর দুপুর পৌনে ১২টার দিকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে ১৩টি বাসে চড়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে দ্বিতীয় দফার প্রথম টিম। ছেড়ে যাওয়া প্রত্যেক বাসে ৩০ জন করে সদস্য রয়েছে বলে সংশ্লিষ্টদের অভিমত। এসব গাড়িবহরের আগে ও পেছনে পুলিশের গাড়ি এবং একটি অ্যাম্বুলেন্স রয়েছে।
-আরএম
















