মক্তব শুধু বাচ্চাদের জন্য নয়, মক্তব সকলের জন্য: মাওলানা ‍মুহাম্মদ আবদুল মালেক

ইসলাম টাইমস ডেস্ক: মক্তব শুধু বাচ্চাদের জন্য নয় মক্তব হচ্ছে সকলের জন্য। সে যে বয়সেরই হোক যে পেশারই হোক সবার জন্যই মক্তব। আমাদের এই তালিমুদ্দীনও মক্তব। তালিমুদ্দীন বলেন আর মক্তব বলেন এ সবগুলো হল যিন্দেগীর শুরু ঠিক করার জন্য। যিন্দেগীর শুরু ঠিক হবে আর পরে সব কিছু ওই শুরু অনুসারে পরিচালিত হবে এটার জন্যই মক্তব।

শুক্রবার রাতে পঞ্চগড় তালিমুদ্দীন একাডেমীর মাসিক মাহফিলে এসব কথা বলেন মাওলানা মুহাম্মদ আবদুল মালেক।

দ্বীন শেখার পদ্ধতি সম্পর্কে উপস্থিত মুসল্লিদের তিনি বলেন, দ্বীন শেখার জন্য আমরা যাই পড়ি না কেন তা আলেমদের সাথে পরামর্শ করে পড়ব। বই পড়া দ্বীন শেখার দ্বিতীয় স্তরের মাধ্যম। প্রথম স্তরের মাধ্যম হচ্ছে আলেমদের সান্নিধ্য থেকে দ্বীন শেখা। সোহবত বাদ দিয়ে যতই বই পড়ে দ্বীন শেখার চেষ্টা করা হোক, তাতে হোঁচট খাওয়ার আশংকা থেকেই যাবে। বলেন এই আলেম।

নিজের প্রিয় শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহ. এর উস্তায আহমাদ যারকা রাহ.-এর একটি ঘটনা শুনিয়ে তিনি বলেন, আহমাদ যারকা রহ., যার কাছে দেশের বড় বড় আলেমগণ পড়তেন। তার কাছে একবার এক বেদুঈন এসে প্রশ্ন করল, হে শায়খ, আপনার এখানে যে এত এত কিতাব এগুলো কি বলে? তিনি বললেন, এগুলো কি বলে তুমিই বল। বেদুঈন বলল, এগুলো বলে, তুমি সৎ হয়ে যাও। নেক হয়ে যাও।তুমি ভাল মানুষ হয়ে যাও।সব নসীহতের এটাই সার সংক্ষেপ এটা।যোগ করেন মাওলানা আবদুল মালেক।

নিজের শুরুটা যেন হয় সব সময় ভাল। নিজের জীবনের শুরু যেন আল্লাহর নাম দিয়ে হয়। যখন কোনো শিশু ভূমিষ্ঠ হয় তখন ডান কানে আযান বাম কানে ইকামত দেয়া হয়। আযান এবং ইকামতের মধ্যে ইসলামের পুরো দাওয়াত রয়েছে। সেই আজান ও ইকামত দেওয়া হয় জন্মের পরপর। কেন? শুরুটা ভাল হওয়ার জন্য। সুতরাং আমাদের জীবনের সবক্ষেত্রের শুরু হবে আল্লাহর নাম দিয়ে। পড়ালেখা জীবনের শুরু কর্মজীবনের শুরু হবে সূরা ফাতেহার মাধ্যমে। বলেন এই বিদগ্ধ আলেম।

মজলিসে উপস্থিত ছিলেন হযরত প্রফেসর হামিদুর রহমান, মাওলানা রিযওয়ানুর রহমান, মাওলানা আমীনুল হক, জনাব আদম আলী, জনাব মাশুক আহমদ প্রমুখ আলেম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ইজে

পূর্ববর্তি সংবাদপঞ্চগড়ে গিয়েছিলাম…
পরবর্তি সংবাদমাঠে খেলছেন আমলারা, সাইডলাইনে বসে খেলা দেখছেন রাজনীতিবিদরা: জিএম কাদের