প্রশান্ত কুমারসহ পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা

ইসলাম টাইমস ডেস্ক: এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিদেশে পলাতক প্রশান্ত কুমার (পিকে) হালদারসহ  সব পলাতক ও সাজাপ্রাপ্ত আসামির বক্তব্য ও সাক্ষাৎকার প্রচার ও পুনঃপ্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট।

গণমাধ্যমে পিকে হালদারের সাক্ষাৎকার, সংবাদ প্রচার ও পুনঃপ্রচার বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে দুদকের করা আবেদন শুনানি নিয়ে বুধবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

গতকাল মঙ্গলবার কানাডায় পলাতক পিকে হালদারের বক্তব্য টেলিভিশনে প্রচারের বিষয়ে ব্যবস্থা গ্রহণে দুদককে লিখিত আবেদন করার পরামর্শ দেন হাইকোর্ট।

এরপর আজ সকালে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে সংশ্লিষ্ট আদালতে আবেদন করে দুদক।

এদিকে গতকাল মঙ্গলবার পিকে হালদারের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

আর্থিক খাত থেকে আত্মীয়স্বজন চক্রের মাধ্যমে অন্তত ১০ হাজার কোটি টাকা সরিয়ে নেয়ার কারিগর পিকে হালদারের বিরুদ্ধে এখন পর্যন্ত ৪০০ কোটি টাকা বিদেশে পাচারের অফিসিয়াল তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। দুদক ছাড়াও বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ পিকে হালদার ও তার সহযোগীদের বিরুদ্ধে অনুসন্ধান করছে।

এছাড়া দুদকের ক্যাসিনো দুর্নীতির মামলায় চার্জশিট তালিকায় লিজিং কোম্পানি ও আর্থিক খাত থেকে কয়েক হাজার কোটি টাকা পাচারে জড়িত পিকে হালদারের নামও রয়েছে।

-এসএন

পূর্ববর্তি সংবাদহিসাব বহির্ভূত সম্পদের অভিযোগে গ্রেপ্তার পাকিস্তানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদঅশ্লীলতার বিস্তার রোধে তিনটি মোবাইল অ্যাপ নিষিদ্ধের রিট