ইসলাম টাইমস ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘আমাদের বঙ্গবন্ধুর চর্চা করতে হবে দেশপ্রেম সুসংহত করার জন্য। আমরা যত বেশি বঙ্গবন্ধুকে চর্চা করবো তত বেশি আমরা দেশপ্রেমে সুসংহত হব।’
বৃহস্পতিবার সকালে রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা এবং ‘দিশারী’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।
পুলিশ প্রধান বলেন, ‘বাঙালি জাতি কখনো নিজেরা শাসন করেননি, শাসিত হয়েছেন। চার হাজার বছরের ঘাত-প্রতিঘাতের পর নানা চড়াই উৎরাইয়ের ভেতর দিয়ে আমাদের স্বাধীনতার দিকে নিয়ে গেছেন বঙ্গবন্ধু। তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে।’
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত আইজি ড. মইনুর রহমান চৌধুরী, এসবির অতিরিক্ত আইজি মীর শহীদুল ইসলাম, পুলিশ স্টাফ কলেজের রেক্টর ড. মোহাম্মদ নাজিবুর রহমানসহ ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে রাজনীতির ‘ম্যাগনিফায়িং গ্লাস’ দিয়ে না দেখে দেশপ্রেমের ‘ম্যাগনিফায়িং গ্লাস’ দিয়ে দেখার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, বঙ্গবন্ধুর এ ভাষণের মধ্যে বাঙালি জাতির চার হাজার বছরের শোষণ-বঞ্চনার ‘এসেন্স’ রয়েছে।
তিনি বলেন, ৭ মার্চের ভাষণ আরো পরিব্যাপ্ত গবেষণার দাবি রাখে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রাজ্ঞজনোচিত নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। উন্নয়নের এ ধারাকে অব্যাহত ও সুসংহত রাখতে আমাদের সবাইকে সক্রিয় থাকতে হবে। আমরা ২০৪১ সালে ধনী এবং উন্নত দেশের মানুষ হবো। বঙ্গবন্ধুর অবদানকে অন্তরে লালন করে, বিশ্বাসে ধরেই আমরা এগিয়ে যাব।
আইজিপি তার বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধু এবং ১৫ আগস্টের ভয়াল রাতে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যসহ শাহাদতবরণকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি সব মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
কবি হাবীবুল্লাহ সিরাজী বলেন, বাঙালি কখনো স্বাধীন ছিল না। বাংলাদেশকে যিনি স্বাধীন করেছেন তিনি বঙ্গবন্ধু। তাকে নিয়ে কোনো দ্বিধা নেই, সংশয় নেই।
তিনি প্রশ্ন রেখে বলেন, আমরা যদি পিতাকে অস্বীকার করি তাহলে আমরা কীভাবে এ দেশে বাস করি। আমরা তাকে হৃদয়ে রাখব, সবার মাঝে তার চেতনাকে ছড়িয়ে দেব।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং ধর্মনিরপেক্ষতার সমর্থনে আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করব। বঙ্গবন্ধুর চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত করার জন্য আমাদের প্রত্যেককে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, বঙ্গবন্ধুকে ভালবাসতে হবে। বঙ্গবন্ধুকে ভালোবাসলে আমরা দেশকে ভালবাসতে পারব, দেশের জনগণকে ভালবাসতে পারব।
পরে আইজিপি অন্যান্য অতিথিদের নিয়ে ১৫ আগস্ট উপলক্ষে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সেরা রচনা নিয়ে প্রকাশিত ‘দিশারী’ পুস্তকের মোড়ক উম্মোচন করেন।
-এসএন
















