ইসলাম টাইমস ডেস্ক: বছরের প্রথম দিনে ১৫ বছরের ইতিহাসে সর্বনিম্ন ১.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাকাল দিল্লিবাসীর জীবন।
ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশাও। সকাল থেকেই কুয়াশায় ঢেকে রয়েছে দিল্লির আকাশ। দৃশ্যমানতা কোথাও কোথাও শূন্যতে নেমে গিয়েছে। ফলে যান চলাচলের উপর প্রভাব পড়েছে।
মহামারি করোনাভাইরাসময় বছরটির বিদায়ের পর নতুন সূর্যকে স্বাগত জানাতে পারেনি ভারতের রাজধানী দিল্লির সাধারণ মানুষ। বরং ১.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিপর্যস্ত দিল্লিবাসীর জীবন।
দেশটির আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, ২০২১ সালের প্রথমদিনটি গত ১৫ বছরের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড সৃষ্টি করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২০০৬ সালে শহরটি ০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পায়। গতবছর ৮ জানুয়ারি সর্বনিম্ন ২.৪ ডিগ্রি তাপমাত্রা দেখতে পায় দিল্লিবাসী।
এদিকে, তাপমাত্রা কমে যাওয়ায় নতুন বছরের করোনাভাইরাসে আক্রান্তের মাত্রা বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ ডিসেম্বর ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ২১,৮২২ জন আক্রান্ত হয়েছে, ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২ লাখ ছাড়িয়েছে। তবে আক্রান্তদের মধ্যে ৯৮ লাখ ৬০ হাজার করোনাভাইরাস মুক্ত হয়েছে।
যদিও গত কয়েক সপ্তাহে ভারতে করোনাভাইরাসের প্রকোপ খানিকটা কম বলে দেখা গিয়েছে। দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই নেমেছে, কমেছে মৃত্যুর সংখ্যাও। ভ্যাকসিনও জানুয়ারির প্রথম সপ্তাহেই এসে যাবে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে নতুন স্ট্রেইন যাতে ছড়িয়ে পড়তে না পারে, সেদিকে লক্ষ্য রেখেছে দেশটির কেন্দ্র ও রাজ্য সরকারগুলো। যুক্তরাজ্য থেকে যারা গত কয়েক সপ্তাহের মধ্যে ফিরেছে তাদের সকলকেই বাধ্যতামূলক ভাবে স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে।
ভিডিও দেখুন:
#WATCH Dense fog, reduced visibility witnessed in Delhi on the first day of the new year; visuals from Mundka pic.twitter.com/IkgMdUi7is
— ANI (@ANI) January 1, 2021
-এনটি
















