যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় শোষণের নতুন রূপ!

ইয়াহইয়া বিন আবু বকর নদভী ।।

সিরিয়ার বর্তমান সরকার বিভিন্নভাবে দেশের নাগরিকদের অধিকার অনবরত লঙ্ঘন করে যাচ্ছে ৷ বর্তমানে সরকার তার বিরোধী নাগরিকদের জায়গা সম্পত্তি তাদের চোখের সামনে নিলামে তুলে নামমাত্র মূল্যে তার সমর্থকদের কাছে বিক্রি করে দিচ্ছে ৷

সিরিয়ারই অধিবাসী সালমান (৩০) জানান, সাম্প্রতিক বছরগুলিতে ইরান ও রাশিয়ার সহায়তায় স্বৈরশাসক বাশার আল-আসাদ বাহিনী কর্তৃক চালানো অগণিত হামলা কয়েক লক্ষ মানুষকে দেশত্যাগে বাধ্য করে৷

তাদের মধ্যে অনেকেই উত্তর ইদলিব এবং এর আশেপাশের বিভিন্ন শিবিরে আশ্রয় নেয়। এ ছাড়াও বহুসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয় খুঁজতে ইউরোপে পাড়িয়ে জমায়৷ বিশেষকরে ২০২০ সালের শুরুতে শেষ আক্রমণটি তিন মাসের মধ্যে প্রায় দশ মিলিয়ন মানুষকে পালিয়ে যেতে বাধ্য করে।

অবশেষে গত মার্চ মাসে তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর ২৩৫,০০০ জনের মত মানুষ দেশে ফিরে এসে দেখেন, তাদের সহায় সম্পত্তি অন্যের দখলে৷ সালমান আরো বলেন, আমি ইউরোপ থেকে দেশে ফিরে বাড়িতে প্রবেশ করেই চমকে যাই! আমার বাড়ি-ঘর জায়গা- সম্পত্তি দেখি এক অপরিচিত লোকের দখলে!

সালমান আরো জানান, তাদের চার ভাইয়ের মালিকানায় দেড়শ মিটার জমি ছিলো। ২০২০ সালের শুরুর দিকে অন্যদের মতো তারাও ইউরোপে আশ্রয় নেন৷ প্রতি বছরের অক্টোবর এবং নভেম্বর মাসে তারা জব, জিরা, মসুর ইত্যাদী চাষ করতেন৷ এতে করে তাদের ১০ ​​থেকে ১২ হাজার ডলারেরও বেশি মুনাফা লাভ হতো৷ কিন্ত দেশে এসে দেখেন, তাদের সহায় সম্পত্তি সব অন্যের দখলে৷

এই ঘটনার শিকার শুধু সালমানই হয়েছে তা নয়৷ গ্রিসের শরণার্থীরা এবং অন্যান্যরাও এর শিকার হয়েছে৷ উত্তর ও দক্ষিণ হামাত ও দক্ষিণ ইদলিবের অন্যান্য শরণার্থীও জানিয়েছেন, তাদের জাইতুন, পেস্তা এবং শস্য সমৃদ্ধ জমিগুলোও নিলাম হয়ে গেছে৷

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাছে সিরিয়ান ফাইলের গবেষক ‘ডায়ানা সামান’ বলেন, ‘ইদলিব, হামাত ও আলেপ্পোতে যা ঘটছে তা মানবতাবিরোধী অপরাধ। এভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধ পন্হায় জমি বাজেয়াপ্ত করাটা স্পষ্ট শোষণ।’

বিভিন্ন পর্যবেক্ষক এবং মানবাধিকার কর্মীরা এভাবে নিলামে অনুপস্থিতদের এবং বিরোধীদের সম্পত্তি “বাজেয়াপ্ত ” করাকে সরকার কর্তৃক জুলুম ও প্রতিশোধ আখ্যা দেন৷

সূত্র: আল-আরাবিয়া নেট

-এমএসআই

পূর্ববর্তি সংবাদ‘দেখতে দেখতে ১২ বছর চলে গেল, আন্দোলন হবে কোন বছর’: বিএনপির উদ্দেশ্যে সেতুমন্ত্রী
পরবর্তি সংবাদইতালি: ইংরেজি নববর্ষে আতশবাজির অত্যাচারে শতশত পাখির করুণ মৃত্যু!