সাভারে ‘ভুয়া ডিবি পুলিশের’ পরিচয়ে মানুষের টাকা হাতিয়ে নেওয়া ২ প্রতারক আটক

ইসলাম টাইমস ডেস্ক: সাভারে ভুয়া ডিবি পুলিশের পরিচয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া ২ প্রতারককে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক অপূর্ব দাস। এর আগে শুক্রবার সন্ধ্যায় সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, কুষ্টিয়া জেলার কুমারখালী থানার বাটিকামারা গ্রামের মাসুদ রানা (৫২)। পটুয়াখালী জেলার গলাচিপা থানার পটিয়া গ্রামের রাজ্জাক মৃধা। তাদের বিরুদ্ধে এর আগেও প্রতারণাসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, আটক দুই ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর গ্রামে এসে প্রায়ই আড্ডা দিত। একপর্যায়ে সিরাজ নামে এক ব্যক্তি তাদের পরিচয় জানতে চাইলে তারা ডিবি পুলিশ এবং বিশেষ অভিযান পরিচালনার জন্য এখানে তথ্য সংগ্রহে এসেছেন বলে জানান। পরে বিষয়টি বিরুলিয়া পুলিশ ফাঁড়িতে জানানো হলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে নিয়ে আসে। এসময় আটক মাসুদ রানার ব্লেজারে ডিএমপির মনোগ্রাম ও মুজিব শতবর্ষের মনোগ্রাম লাগানো ছিল।

বিরুলিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক অপূর্ব দাস জানান, আটক ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা এর আগেও এমন ভুয়া পরিচয় দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। রবিবার তাদের আদালতে পাঠানো হবে।

-আর এম

পূর্ববর্তি সংবাদগিনিপিগ হওয়ার আশংকা: যুক্তরাষ্ট্রের ৬০ ভাগ স্বাস্থ্যকর্মীর টিকা নিতে অস্বীকৃতি
পরবর্তি সংবাদদায়ী আলেম শায়খ আহমাদকে ৪ বছরের জেল দিল সৌদি