
ইসলাম টাইমস ডেস্ক: ভয়াবহ আগুনে পুড়ছে ভারতের ক্ষুদ্র রাজ্য নাগাল্যান্ডের জুকো উপত্যকা। পাঁচ দিন পার হলেও এখনও নিয়ন্ত্রণের বাইরে। ক্রমেই দাবানল ছড়িয়ে পড়ছে মণিপুরের সেনাপতি জেলায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এমতাবস্থায় পরিস্থিতির মোকাবিলায় ভারতের কেন্দ্র সরকারের কাছে সাহায্য চেয়েছে মণিপুর সরকার।
এই জুকো উপত্যকা ভারতের ক্ষুদ্র রাজ্য নাগাল্যান্ড ও মণিপুর সীমান্তে অবস্থিত।
দাবানলের সূত্রপাত হয় গত মঙ্গলবার। মণিপুরের সীমান্ত লাগোয়া নাগাল্যান্ডের জুকো রেঞ্জের জঙ্গল থেকে। ধীরে ধীরে সেই দাবানল এগোতে থাকে। বৃহস্পতিবার সেই দাবানল মণিপুরের সেনাপতি জেলায় ছড়িয়ে পড়ে। সেদিনই হেলিকপ্টারে চেপে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। দাবানলের ভয়াবহতা অনুমান করতেই কেন্দ্রীয় সাহায্য চেয়ে পাঠান মুখ্যমন্ত্রী। পরে শুক্রবার জুকোউ উপত্যকার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে সর্বতভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরেই এদিন টুইট করে একথা জনসম্মুখে আনেন মুখ্যমন্ত্রী বীরেন সিংহ।

দাবানলের খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতি মোকাবিলায় বন দপ্তর, দমকল, পুলিশ কর্মী সহ স্বেচ্ছাসেবকরা একযোগে আগুন নেভানোর কাজ শুরু করেছেন। অন্যদিকে, পরিস্থিতির মোকাবিলায় বাম্বি বাকেট লাগানো হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে।
সুত্র: আনন্দবাজার, জি নিউজ
-এনটি















