ডিসেম্বরজুড়ে সড়ক দুর্ঘটনায় ৪৬৪ জনের মৃত্যু, সবচে বেশি মোটরসাইকেলে

ইসলাম টাইমস ডেস্ক: বিগত বছর ২০২০ সালের ডিসেম্বরে সারাদেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪০২টি। তাতে ৪৬৪ জন নিহত এবং আহত হয়েছে ৫১৩ জন।

রোববার (৩ জানুয়ারি) বিকেলে এবং সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। তারা ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

নিহতদের মধ্যে নারী ৭৬ জন এবং শিশু ৫১ জন।

একই মাসে ৫টি নৌ-দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। এছাড়া ১২টি রেলপথ দুর্ঘটনায় নিহত হয়েছে ১৯ জন, আহত ৪ জন।

ডিসেম্বরে এককভাবে মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি প্রাণহানি ঘটেছে। ১৩৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ১৪৭ জন। এছাড়া বাসযাত্রী ১৮ জন, ট্রাকযাত্রী ১৩ জন, পিকআপ যাত্রী ১১ জন, লরি যাত্রী ৭ জন, ট্রাক্টর যাত্রী ৫ জন, মাইক্রোবাস যাত্রী ৯ জন, প্রাইভেটকার যাত্রী ৭ জন, সিএনজি চালিত অটোরিকশা যাত্রী ১২ জন, ইজিবাইক-অটোরিকশা যাত্রী ৬০ জন, নসিমন-ভটভটি-মাহিন্দ্র-বোরাক-টেম্পু যাত্রী ২৭ জন, টমটম-ভ্যান ৬ জন, বাই-সাইকেল আরোহী ৫ জন, রিকশা-রিকশাভ্যান যাত্রী ৯ জন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, পুলিশ সদস্য ও সেনা সদস্য, স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থী, চিকিৎসক, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছে।

দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ১১৭টি দুর্ঘটনায় নিহত ১৩৮ জন। সবচেয়ে কম রংপুর বিভাগে। ২০টি দুর্ঘটনায় নিহত ১৮ জন। একক জেলা হিসেবে টাঙ্গাইল জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এই জেলায় ১৬টি দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছৈ। সবচেয়ে কম পিরোজপুর জেলায় ২টি দুর্ঘটনায় একজনের প্রাণহানি ঘটেছে।

গত বছরের নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বর মাসে সড়ক দুর্ঘটনার সংখ্যা সামান্য কমলেও প্রাণহানির হার বেড়েছে। নভেম্বর মাসে ৪১৭টি দুর্ঘটনায় ৪৩৯ জন নিহত হয়েছিল।

-এসএন

পূর্ববর্তি সংবাদজেনারেটর ছিনতাইয়ে বাধা দেওয়ায় ফিলিস্তিনি যুবককে গুলি ইসরাইলি সেনার!
পরবর্তি সংবাদমিয়ানমারকে চিঠি: এ বছর রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর