ইসলাম টাইমস ডেস্ক: বরিশালে গোয়েন্দা (ডিবি) পুলিশের নির্যাতনে রেজাউল করিম রেজা নামের আইন কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছেন তাঁর স্বজনেরা।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল শনিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রেজাউল করিমের বাবা ইউনুস মিয়া অভিযোগ করেছেন, গত ২৯ ডিসেম্বর রাতে নগরের হামিদ খান সড়ক থেকে তাঁর ছেলে রেজাউলকে গ্রেপ্তার করেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন। ডিবি কার্যালয়ে তাঁর ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হলে সেখানে অসুস্থ হয়ে পড়েন তাঁর ছেলে। গত ১ জানুয়ারি রাতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে গতকাল শনিবার রাতে তিনি মারা যান।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, অভিযোগ অস্বীকার করে ডিবি পুলিশের এসআই মহিউদ্দিন বলেন, ‘গত ২৯ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে গাঁজা ও মাদকের ইনজেকশনসহ গ্রেপ্তারের পর রাত পৌনে ১২টার দিকে রেজাউল করিম রেজাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলায় পরের দিন ৩০ ডিসেম্বর তাঁকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে আগেও মাদক মামলা ছিল এবং তাঁকে কোনো ধরনের নির্যাতন করা হয়নি।’
বরিশাল কারাগারের জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, ‘৩০ ডিসেম্বর রেজাউলকে অসুস্থ অবস্থায় গ্রহণ করি আমরা। তাঁর দুই পায়ের সংযোগস্থল থেকে রক্তক্ষরণ হচ্ছিল। পরে বেশি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ১ জানুয়ারি রাতে হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন রাতে সেখানে তাঁর মৃত্যু হয়।’
এদিকে হাসপাতালের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, রেজাউলের শরীরের নিম্নাংশে শক্ত কোনো কিছু দিয়ে উপর্যুপরি আঘাতের চিহ্ন রয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বলেন, ‘তদন্তে পুলিশের কারো বিরুদ্ধে নির্যাতনের প্রমাণ পাওয়া গেলে অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
-এসএন
















