নতুন বছর উদযাপন: সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বোনের

ইসলাম টাইমস ডেস্ক: খ্রিস্টীয় নতুন বছর ২০২১ উদযাপন করতে গিয়ে প্রাণ গেল পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামের তিন বোন খাইরুন নাহার (৩০), কামনা আক্তার (২৫) ও জামিয়া আক্তার তিশার (১৮)। সড়ক দুর্ঘটনায় তিন মেয়েকে হারিয়ে শোকে পাগলপ্রায় মা হোসনে আরা। পুরো পরিবারে চলছে শোকের মাতম। সমবেদনা জানাতে ছুটে আসেন আত্মীয়স্বজন।

শনিবার সকালে তিন বোনের লাশ বাড়িতে পৌঁছালে সৃষ্টি হয় এক হৃদয়বিদারক দৃশ্যের। শোকে স্তব্ধ হয়ে পড়ে পুরো গ্রামবাসী। দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়।

তাদের স্বজনরা জানান, তিন মেয়ে ও দুই ছেলে রেখে মারা যান তাদের পিতা আশাদুজ্জামান বেনু মিয়া। এরপর পরিবারের হাল ধরেন বড় ছেলে আপেল। তিনিও কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে মারা যান। তাদের অন্য ভাইটি প্রতিবন্ধী। এরপর ছোট ছেলেমেয়েদের নিয়ে বিপাকে পড়েন তাদের মা। এক সময় ব্র্যাকের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ শুরু করেন মা হোসনেয়ারা বেগম। পরে মায়ের স্থলাভিত্তিক হন বড় মেয়ে খায়রুন। সর্বশেষ তিন-চার মাস আগে স্বাস্থ্যসেবী হিসেবে কাজ শুরু করেন খায়রুন। অভাবের সংসারে একমাত্র উপার্জনক্ষমও ছিলেন খাইরুন নাহার। মেঝ বোন কামনাও কিছুদিন আগে লেখাপড়া শেষ করে চাকরির চেষ্টা করছিলেন। সবার ছোট জামিয়া বেগম তৃশা অনার্স প্রথমবর্ষের ছাত্রী ছিলেন। ।

শুক্রবার বিকালে খালাতো বোনকে নিয়ে প্রাইভেটকারে করে ভৈরব থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাব জাঙ্গুয়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে দুর্ঘটনায় মারা যান তিন বোন।

ইজে

পূর্ববর্তি সংবাদময়লা ফেলা নিয়ে তর্ক-বিতর্ক: শান্তিবাগে পুলিশ পরিদর্শককে ছুরিকাঘাত
পরবর্তি সংবাদসৈয়দ আশরাফের মৃত্যুর দুই বছর: ক্ষমতা চিরস্থায়ী নয়