সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে আ’লীগ নেতার বিরুদ্ধে আইভীর মামলা

ইসলাম টাইমস ডেস্ক: ‘হিন্দুস লাইভস মেটারস’ নামের একটি ইউটিউব চ্যানেলে সামাজিক অস্থিরতা ও সাম্প্রদায়িক উসকানির অভিযোগে অ্যাডভোকেট খোকন সাহা নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী।

অভিযুক্ত অ্যাডভোকেট খোকন সাহা নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

আদালত মামলার আর্জি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন বলে নিশ্চিত করেছেন মেয়র আইভীর আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

জানা গেছে, মামলায় অপর আসামি করা হয়েছে কানাডা প্রবাসী প্রদীপ দাসকে। তিনি ‘হিন্দুস লাইভস মেটারস’ নামের একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন।

মামলায় অভিযোগ করা হয়, সামাজিক অস্থিরতা ও সাম্প্রদায়িক দাঙ্গা ঘটানোর উদ্দেশ্যে উক্ত ইউটিউব চ্যানেলে বিবাদী প্রদীপ দাস ও খোকন সাহা আইভীর নামে মিথ্যা উদ্ভট অভিযোগ ছড়িয়েছেন।

মেয়র আইভীর আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানিয়েছেন, মামলার বাদী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী সশরীরে আদালতে উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেন।

ট্রাইব্যুনালের বিচারক মো. আফসান জগলুল হোসাইন অভিযোগটি আমলে নিয়ে পুলিশের অপরাধ দমন বিভাগ সিআইডিকে তদন্তের নির্দেশ দেন এবং আগামী ৮ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

এদিকে মামলার বিষয়ে অবগত হয়েছেন কিনা- জানতে চাইলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা জানান, আমার বিরুদ্ধে আইভী একটি মামলা দায়ের করেছেন বলে লোকমুখে জানতে পেরেছি। তবে এখনো মামলার নথি হাতে পাইনি। নথি হাতে পেলে দলীয় ফোরামে আলোচনা করে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে পারব।

-এনটি

পূর্ববর্তি সংবাদবিশ্বজুড়ে ইসরাইলি পণ্য বর্জনের ডাক দিলেন মুসলিম স্কলারগণ
পরবর্তি সংবাদফটিকছড়িতে মাদরাসায় চাঁদাবাজি-ছাত্রদের উপর হামলার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে