ইসলাম টাইমস ডেস্ক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি গণতন্ত্রের মানেই বোঝে না। বিএনপির সময় মানুষ খুন হলে খুনিরা রাস্তায় হেসে বেড়াত, আর ভদ্র মানুষ বাড়িতে চুপ করে বসে থাকত।
সোমবার (০৪ জানুয়ারি) বিকেলে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে এ কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বিএনপি আজ কথা বলতে পারে। আর যারা অন্যায় করে, তাদের সাজা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করেন বলেই দেশে গণতন্ত্র এনে দিয়েছেন।
কসবা আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হোসেন রিমন সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানীসহ অনেকে।
অনুষ্ঠানে আওয়ামী লীগ ও যুবলীগ, ছাত্রলীগসহ এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সব শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে কেক কেটে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
-আরএম
















