ইসলাম টাইমস ডেস্ক: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞার খবরে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘ভারত যদি নিষেধাজ্ঞা দেয়ও, তাহলেও তাদের সঙ্গে বাংলাদেশের যে উষ্ণ সম্পর্ক তাতে আমাদের টিকা পেতে কোনো সমস্যা হবে না।’
সোমবার বিবিসি বাংলাকে তিনি বলেন, ‘সাংবাদিকদের কাছ থেকেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানতে পারি।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেছি। তারা জানিয়েছে তারা এ ব্যাপারে কিছু জানে না। কী হয়েছে তারা জানার চেষ্টা করছে। আমরা এ নিয়ে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি।’
এর আগে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) জানায়, ভারত কয়েকমাসের জন্য রপ্তানি নিষেধাজ্ঞা দিয়েই অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির যৌথ উদ্যোগে তৈরি করোনাভাইরাসের টিকার অনুমোদন দিয়েছে।
ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির যৌথ উদ্যোগে তৈরি করোনাভাইরাসের টিকাটি ভারতে উৎপাদনের দায়িত্ব পেয়েছে সেরাম ইনস্টিটিউট।
আরো পড়ুন: অক্সফোর্ডের ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ভারতে অক্সফোর্ডের পর ২য় টিকার অনুমোদন, ‘তাড়াহুড়ো’র অভিযোগ কংগ্রেসের
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদর পুনেওয়ালা এপিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ভারতের ঝুঁকিতে থাকা জনগণের সুরক্ষা নিশ্চিতে রপ্তানি করা যাবে না এই শর্তে জরুরি ব্যবহারে রবিবার সেরামকে টিকা উৎপাদনের অনুমোদন দেয় সরকার।
একই সঙ্গে বেসরকারি বাজারেও কোম্পানিকে টিকা বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
পুনেওয়ালা বলেন, ‘আমরা এখন কেবল এই মুহূর্তে ভারত সরকারকে এই টিকা সরবরাহ করতে পারি।’ টিকার মজুদ ঠেকাতেও এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তবে প্রতিবেদনে চুক্তি অনুযায়ী বাংলাদেশের টিকা পাওয়ার ক্ষেত্রে দেরি হবে কিনা সে বিষয়টি স্পষ্ট নয়।
উল্লেখ্য, গত দোসরা জানুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দেয় ভারতের সরকার।
ভ্যাকসিন রপ্তানি নিয়ে এরইমধ্যে সেরাম ইন্সটিটিউট বাংলাদেশ, সৌদি আরব ও মরক্কোর সাথে দ্বিপক্ষীয় চুক্তি করেছে।
চুক্তি অনুযায়ী, ৩রা জানুয়ারি বাংলাদেশ সরকার ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কেনার জন্য ছয়’শ কোটি টাকার বেশি জমা দেয়ার কথা এরইমধ্যে জানিয়েছে। বিনিময়ে সেরাম ইন্সটিটিউট একটা ব্যাংক গ্যারান্টি দেবে।
আরো পড়ুন: ভারত থেকে ভ্যাকসিন কিনতে রবিবার ৬’শ কোটি টাকা জমা দেবে বাংলাদেশ
ভ্যাকসিন: কূটনীতি ও সাম্রাজ্যবাদের নতুন গুটি
এর আগে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর বলেছিল যে, চুক্তির ধারা অনুযায়ী তারা যদি আগামী জুনের মধ্যে টিকা দিতে না পারে তাহলে বাংলাদেশে অগ্রিম এই টাকা ফেরত নেবে।
সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ টিকা আনার কথা ছিল।
চুক্তি অনুযায়ী সেরাম ইন্সটিটিউট ছয়মাসের মধ্যে তিন কোটি টিকা দেবে বাংলাদেশকে। প্রতিমাসে ৫০ লাখ টিকা আসবে।
আর উন্নয়নশীল দেশগুলোর জন্য সেরাম ইন্সটিটিউট এক বিলিয়ন ডোজ তৈরি করার কথা রয়েছে।
-এনটি
















