ইসলাম টাইমস ডেস্ক: প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) প্রতারণায় হারিয়েছেন সব কিছু। টাকার অভাবে এক নারী তার সন্তানকে গোস্ত পর্যন্ত খাওয়াতে পারছেন না। একজন মুক্তিযোদ্ধা প্রয়োজনে খেতাব কেড়ে নিয়ে হলেও টাকা ফেরত চান। অশ্রুসিক্ত নয়নে হাইকোর্টে এমনই আকুতির কথা জানান ভুক্তভোগীর।
প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) প্রতারণার গল্পটা বেশ দীর্ঘ। যারা পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিংয়ে টাকা রেখেছিলেন তাদের সাথে প্রতারণার ধরন আরও নির্মম। প্রতারণার শিকার চার ব্যক্তি, রোববার হাইকোর্টে শোনালেন তাদের দুর্বিষহ জীবনের গল্প।
এর মধ্যে সাবেক প্রধান বিচারপতির মোস্তফা কামালের মেয়ে জানান, ৩ কোটি টাকা আত্মসাতের খবর শোনার পর থেকেই প্যারালাইজড তার চাচা মোস্তফা জামান আব্বাসী।
এক মুক্তিযোদ্ধা বললেন, মরার পর সম্মান চান না। বরং খেতাব কেড়ে নিয়ে হলেও জীবিত অবস্থায় অর্থ ফেরত চান। এক নারী জানান, টাকার অভাবে তার ক্যান্সারের চিকিৎসা করাতে পারছেন না। সন্তানকে মাংস খাওয়াতে পারেন না দু’বছর হলো।
দুদক জানায়, প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) বিষয়ে সুনির্দিষ্ট কিছু তথ্য দিয়েছে কানাডা সরকার। আদালতে দাখিল করা আরেকটি তথ্যে জানানো হয়, দেশে থাকা ২৩ ব্যক্তির সাথে নিয়মিত যোগাযোগ করেন প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার)।
দুদক আরও জানিয়েছে, প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার) গ্রেপ্তারে যে কোনো সময় রেড অ্যালার্ট জারি করবে ইন্টারপোল।
-এনটি
















