ইসলাম টাইমস ডেস্ক: প্রতিদিন কত কত মৃত্যুর কথা পড়ি। কিন্তু মৃত্যুর জন্য আমরা কয় জন প্রস্তুতি গ্রহণ করি। সম্প্রতি গাড়িচাপায় এক তরুণীর নিহত হওয়ার ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গাজীপুরের বোর্ডবাজার থেকে এক আত্মীয়ের সঙ্গে মোটরসাইকেলে ঢাকায় ফিরছিলেন নিহত আশা চৌধুরী। রাতে দারুস সালাম এলাকায় হঠাৎ একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান আশা। এই ভয়াবহ দৃশ্যটি রেকর্ড হয়ে যায় পেছনে থাকা একটি প্রাইভেটকারের স্বয়ংক্রিয় ক্যামেরায়।
ভিডিওতে দেখা গেছে, মোড় ঘোরার জন্য আশাদের মোটরসাইকেলটি অপেক্ষা করছিল একটি পিকআপ ভ্যানের পেছনে। তখন তাদের পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে করে মোটরসাইকেলের চালক ছিটকে ডানে পড়ে যান। আর আশা বাঁ পাশে প্রায় ২০ ফুট দূরে পড়েন। বাইকচালক উঠে দৌড়ে যান আশার কাছে। গিয়ে দেখেন, ট্রাকটির চাকা ততক্ষণে আশার মুখের কিছু অংশ থেঁতলে দিয়ে দ্রুত চলে গেছে।
এর কিছুক্ষণ পরই সেখানে পুলিশ যায়। তারা আশাকে নিয়ে যায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকেরা জানান, ঘটনাস্থলেই মারা গেছেন আশা।
















