ইসলাম টাইমস ডেস্ক: চলতি ২০২০-২১ অর্থবছরে মসজিদ ও মন্দিরে বিতরণের জন্য ৫ লক্ষ টাকা করে বরাদ্দ চেয়েছেন সংসদ সদস্যরা।
এ বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, কমিটির সদস্য নজিবুল বশর মাইজভান্ডারী, শওকত হাচানুর রহমান (রিমন), মনোরঞ্জন শীল গোপাল, মাহমুদ উস সামাদ চৌধুরী, মোঃ. ইলিয়াস উদ্দিন মোলল্লাহ, জিন্নাতুল বাকিয়া ও মোসাঃ তাহমিনা বেগম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিটি সূত্র জানায়, বৈঠকে দেশের কোন স্থানে ধর্মীয় অনুষ্ঠানে ও সভা-সমিতিতে মাইকে লাউড স্পিকার ব্যবহারে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার সুপারিশ করা হয়। এ সময় করোনাকালে ধর্মীয় সভা-সমাবেশ নিয়েও আলোচনা হয়।
এছাড়া বৈঠকে সদ্য প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রীসহ যে সকল সংসদ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে শোক প্রস্তাব উত্থাপন করা হয়ল আর নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
-এসএন
















