যুবলীগ নেতার বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ, মামলা ‘তুলে নিতে হলো’ স্কুলশিক্ষিকাকে

সাজ্জাদ মিয়া মর্তুযা

ইসলাম টাইমস ডেস্ক: বরগুনার বামনায় কলাগাছিয়া গ্রামের যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন মতুর্যার (৪০) বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বামনা থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের পর রাত ৮টার দিকে ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে একজনকে আটক করে পুলিশ।

ছাগল চুরির ঘটনায় স্কুলশিক্ষিকা কাজী শাহানা ফেরদৌসী শিবলী বাদী হয়ে মঙ্গলবার রাতে বামনা থানায় তিনজনকে আসামি করে অভিযোগ দায়ের করেন। এদিকে অভিযোগ তুলে নিতে বাদীকে চাপ প্রয়োগ করছে স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ। পরে তিনি আজ (বুধবার) সকালে অভিযোগটি থানা থেকে তুলে নিতে বাধ্য হন।

পরে বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা সালিসে ঘটনাটি মিমাংসার জন্য আশ্বাস দেন। তার আশ্বাসে বামনা থানা পুলিশ আটককৃত মো. মাসুম হাওলাদারকে মুচলেকা রেখে ছেড়ে দেয়।

স্কুলশিক্ষিকা কাজী শাহানা ফেরদৌসী শিবলী বলেন, ‘এ ঘটনায় আমি থানায় অভিযোগ দেওয়ার পরে উপজেলা আওয়ামী লীগের অনেক নেতারা আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে। সগির হোসেন নামে এক নেতা থানায় বসে আমাকে আমার সংসার ভাঙার হুমকি দেন। এ সকল মানসিক চাপে আমি অভিযোগটি তুলতে বাধ্য হয়েছি। পরে স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু বিষয়টি মিমাংসার আশ্বাস দিয়েছেন।’

অভিযোগে জানা গেছে, উপজেলার কলাগাছিয়া গ্রামের স্কুলশিক্ষিকা কাজী শাহানা ফেরদৌসী শিবলীর একটি ছাগল মঙ্গলবার দুপরে যুবলীগ সহসভাপতি সাজ্জাদ হোসেন মতুর্যার নেতৃত্বে ধরে নিয়ে যায় একই গ্রামের মাসুম হাওলাদার (২০) ও সুমন (২০)। পরে ছাগলটি ওই যুবলীগ নেতার বাড়ির ছাদে নিয়ে জবাই করে মাংস ভাগ বাটোয়ারা করা হয়।

বামনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আব্দুল মান্নান ফরাজী বলেন, স্কুলশিক্ষিকার ছাগল চুরির অভিযোগ পেয়ে তাৎক্ষনিক এক আসামিকে আটক করা হয়। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধাসহ স্থানীয় নেতৃবৃন্দের আশ্বাসে অভিযোগটি প্রত্যাহার করেন ওই স্কুলশিক্ষিকা। বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সালিসে বিষয়টি মিমাংসার আশ্বাস দেন।

বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু বলেন, বিষয়টি দুঃখজনক। তবুও বামনার সার্বিক সম্মানের জন্য আমি আগামী শুক্রবার বালিকা বিদ্যালয়ে ছাগল চুরির ঘটনার সালিস ব্যবস্থায় মিমাংসা করার চেষ্টা করব। অন্যথায় ছাগলটির মালিক পরে আইনী ব্যবস্থা গ্রহণ করবেন।

-এসএন

পূর্ববর্তি সংবাদছোট ভাইয়ের ভাইরাল বক্তব্য প্রসঙ্গে সেতুমন্ত্রী: ‘শেখ হাসিনার উর্ধ্বে কেউ নয়’
পরবর্তি সংবাদভারতে ৫০ বছরের নারীকে গণধর্ষণ ও নৃশংসভাবে খুন করল মন্দিরের পুরোহিত!