দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্কের চুক্তি করল সুদান

ছবি: আরব মিডিয়া

ইসলাম টাইমস ডেস্ক: দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘আব্রাহাম অ্যাকর্ডস’ চুক্তি স্বাক্ষর করেছে আফ্রিকার দেশ সুদান।

তুর্কী সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির তথ্যমতে, সুদানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, বুধবার খার্তুমে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মানুচিন এবং সুদানের আইনমন্ত্রী নাসেরদিন আবদুল বারির মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়।

এর আগে গত বছরের অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, সুদান ইজরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে। ট্রাম্পের ঘোষণার মাত্র দুমাস পরে এই স্বাক্ষর হলো।

ওই সময় শুধু ঘোষণা দিয়েই থেমে থাকেননি ট্রাম্প, একইসঙ্গে সুদানকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদে সহায়তাকারীর তালিকা থেকে বাদ দেন তিনি।  সেই সঙ্গে এই সম্পর্কে বিনিময়ে আর্থিক সহায়তা এবং দেশটিতে বিনিয়োগের প্রতিশ্রুতিও দেন।

ওই সময় মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, আরো অন্তত ৫টি আরব দেশ ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তি করতে চায়। তবে সে দেশগুলোর নাম তিনি উল্লেখ করেননি। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি করে। তাদের এ পদক্ষেপের কয়েক মাসের মধ্যে আবুধাবি এবং মানামার পদাঙ্ক অনুসরণ করলো খার্তুম।

-এসএন

পূর্ববর্তি সংবাদশেষ মোগল বাদশাহ বাহাদুর শাহ জাফর: হৃদয়ে যিনি আজও রাজত্ব করেন!
পরবর্তি সংবাদঢাকা মেডিকেলে আগুনের সূত্রপাত সিগারেট থেকে: ফায়ার সার্ভিস