ইসলাম টাইমস ডেস্ক: ইরানের জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরাকের একটি আদালত। খবর সিজিটিএন।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বাগদাদের একটি তদন্ত আদালত ট্রাম্পের বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করে।
এর আগে একই অভিযোগে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ৪৮ জন মার্কিন কর্মকর্তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করতে ইন্টারপোলের কাছে অনুরোধ জানায় ইরান।
২০২০ সালের জানুয়ারিতে মার্কিন ড্রোন হামলায় ইরানের জেনারেল কাশেম সোলাইমানি এবং ইরাকের শীর্ষ কমান্ডার মাহদি আল মুহান্দিসের মৃত্যু হয়।
এদিকে, ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে – মাহদি আল মুহান্দিসের পরিবারের অভিযোগের ভিত্তিতে এই হত্যা মামলায় ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পাশাপাশি, ওই হত্যাকাণ্ডের অধিকতর তদন্ত চলমান রয়েছে বলেও জুডিশিয়াল কাউন্সিল জানিয়েছে।
-এসএন
















