ইসলাম টাইমস ডেস্ক: জামিয়াতুল উলূম আল-ইসলামিয়া, লুটন, ইউকে-এর প্রতিষ্ঠাতা মুহতামিম ও শাইখুল হাদীস, আল্লামা নূরুদ্দীন গহরপুরী রহ.-এর নাতিন জামাতা, বাংলাদেশী আলেম মুফতি মুহাম্মদ সাদিক সাহেব আজ (বাংলাদেশ সময়) সকাল সাড়ে ১১টায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অসুস্থতার কারণে লুটন হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।
মুফতী মুহাম্মদ সাদিক সাহেব বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সাবেক চেয়ারম্যান আল্লামা নূরুদ্দীন গহরপুরী রহ. এর সম্পর্কে দৌহিত্র ও নাতিন-জামাতা। জামিয়া দারুস সালাম সিলেটের মুহতামিম মুফতী ওলীউর রহমান সাহেবের জামাতা।

তিনি জামিয়া গহরপুর ও দারুল উলূম দেওবন্দ -এর ফারেগ ছিলেন। হাদীসের পাঠ জামিয়া গহরপুরে দাওরায়ে হাদীসে আল্লামা নূরুদ্দিন আহমদ গহরপুরী রহ. এর নিকট সমাপ্ত করেন। দারুল উলূম দেওবন্দে গিয়ে পুনরায় দাওরায়ে হাদীস ও তাখাসসুস ফিল ফিকহ অধ্যয়ন করেন। দারুল উলূম দেওবন্দে তাঁর হাদীসের শায়খ ছিলেন হযরত মাওলানা নাসীর আহমদ খাঁন রহ. ও মাওলানা আব্দুল হক আজমী রহ.।
তিনি বালিয়ার পীর সাহেব আল্লামা গহরপুরী রহ. এর খলিফা হযরত মাওলানা গিয়াসুদ্দীন রহ. -এর ‘মুযাজ’ খলীফা ছিলেন।
১৯৯৯ সালে তিনি দরসে নেজামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ইংল্যান্ডের লুটনে ‘জামিয়াতুল উলূম আল-ইসলামিয়া’ ( jamialuton.org ) নামে একটি মাদরাসা প্রতিষ্ঠা করেন। মাদরাসাটির উদ্বোধন করেছিলেন আল্লামা গহরপুরী রহ.।
-এসএন
















