কক্সবাজারে আবাসিক কটেজ থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে অর্ধশতাধিক গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক: কক্সবাজার শহরের কলাতলী আবাসিক কটেজ থেকে ৫২ নারী-পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের লাইট হাউজ এলাকায় তিনটি কটেজে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৩১ জন নারী ও ২১ জন পুরুষ।
পুলিশ বলছে, গ্রেফতারকৃত এসব নারী-পুরুষ কটেজগুলোতে অসামাজিক কার্যকলাপে জড়িত রয়েছে। এসময় একটি কটেজ থেকে ইয়াবাও উদ্ধার হয়েছে। শুক্রবার রাতেই এসব তথ্য জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগ ওঠা আমির ড্রিম প্যালেস থেকে এক কর্মচারীসহ ৮ জন পুরুষ ও ২ জন নারী, মিম রিসোর্ট থেকে এক কর্মচারীসহ  ১৩ জন পুরুষ ও ১৭ জন নারী এবং আজিজ গেস্ট ইন থেকে  ১০ জন পুরুষ ও ২ জন নারীকে আটক করা হয়। এসময় আজিজ গেস্ট ইন কটেজের ম্যানেজারের ডেস্ক থেকে ৩৬০টি ইয়াবা উদ্ধার হয়েছে। এছাড়া মিম রিসোর্টের পার্শ্ববতী অজ্ঞাত (সাইনবোর্ড বিহীন) এক কটেজে অভিযান চালানো হলেও ভেতরে থাকা লোকজন পেছনের গোপন দরজা দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

অতিরিক্ত পুলিশ সুপার বলেন,  হোটেল-মোটেল জোনের কটেজগুলো আবাসিক পর্যটন ব্যবসার আড়ালে সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে এ আসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। চকটি নানা কৌশলে কক্সবাজার শহরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নারীদের সংগ্রহ করে অসামাজিক কার্যকলাপে ব্যবহার করে আসছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দে জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। শনিবার সকালে তাদের কক্সবাজার আদালতে সোপর্দ করা হবে।

ইজে

পূর্ববর্তি সংবাদক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতির পরপরই শপথ অনুষ্ঠান বয়কট করার ঘোষণা দিলেন ট্রাম্প
পরবর্তি সংবাদবত্রিশ টাকা মোহরে বিবাহ: ইসলাম কী বলে