ইসলাম টাইমস ডেস্ক: ইন্দোনেশিয়ার সুলায়িসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবারের (১৫ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১টার দিকে এ ভূমিকম্পে শতাধিক মানুষ আহত হয়েছেন। এতে বিধ্বস্ত হয়েছে অন্তত ৬০টি বাড়ি। খবর: সিএনএন।
এতে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক শত মানুষ। এ সময়ে ভেঙে পড়েছে একটি হোটেলসহ বেশ কিছু ভবন। অধিবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তারা দ্রুত বাইরে বেরিয়ে আসেন।
বার্তা সংস্থা এপিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন সাউথ চায়না মর্নিং পোস্ট।
সুলাওয়েসি দ্বীপের মাজেনে শহরে শক্তিশালী এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২ মাত্রা। সুলাওসি দ্বীপের মাজেনি শহরের ছয় কিলোমিটার উত্তর-পূর্বে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা প্রাথমিকভাবে এ তথ্য দিয়েছে।
কর্মকর্তারা প্রাথমিকভাবে যে তথ্য দিয়েছেন তাতে দেখা যাচ্ছে মাজেনে শহরে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৬৩৭ জন। অন্যদিকে প্রতিবেশী মামুজু প্রদেশে নিহত হয়েছেন কমপক্ষে তিনজন। আহত হয়েছেন কমপক্ষে দুই ডজন।

সাত সেকেন্ড স্থায়ী হয়েছিল এই ভূমিকম্প। তবে কোনো সুনামি সতর্কতা দেয়া হয়নি। নিরাপত্তা পেতে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়েছে।
দেশটির জাতীয় দুর্যোগ বিষয়ক এজেন্সি বলেছে, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিল একটি বালিকা। সে সাহায্য চেয়ে চিৎকার করছিল। বলছিল, তার মা-ও আটকা পড়েছেন। তবে তিনি জীবিত আছেন। নড়াচড়া করতে পারছেন না।
টেলিভিশনের খবরে বলা হয়েছে, মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে একটি হাসপাতালের একাংশ। রোগিদের সরিয়ে নেয়া হয়েছে জরুরি ভিত্তিতে বাইরে নির্মাণ করা একটি তাঁবুতে। ধারণা করা হচ্ছে, এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেক মানুষ।
-এসএন
















