ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথের আগে নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো যুক্তরাষ্ট্রজুড়ে। ফের পরাজিত উন্মত্ত ট্রাম্প ভক্তরা হামলার চালাতে পারেন; এমন আশঙ্কায় দেশটির রাজধানী ওয়াশিংটনের বিশেষ পাহারা। এমন পরিস্থিতিতে ভার্জিনিয়া থেকে রাজধানী ওয়াশিংটন ডিসি প্রবেশের চেকপোস্টে অবৈধ বন্দুক, গুলি সহ এক ব্যক্তিকে আটক করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঐ ব্যক্তির কাছ থেকে হ্যান্ড গান, ৫০৯ রাউন্ড কার্তুজ, শটগানের ২১টি শেল পাওয়া গেছে। ন্যাশনাল গার্ড জানিয়েছে, আটক ঐ ব্যক্তির নাম ওয়েলেসলি অ্যালেন বিলার। ৩১ বছরের অ্যালেন কী কারণে এত অস্ত্র নিয়ে ওয়াশিংটন আসছিলেন তা স্পষ্ট হয়নি।
যেহেতু উন্মত্ত ট্রাম্প ভক্ত তথা রিপাবলিকান পার্টির সমর্থকরা সশস্ত্র হামলা চালাতে পারে এমন সতর্কতা দিয়েছে এফবিআই, তাই ওই যুবক সন্দেহের তালিকায়। তার বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখার মামলা দায়ের করা হয়েছে।
এদিকে আগামী ২০ জানুয়ারি ডেমোক্র্যাট দল মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতায় বসতে চলেছে। প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। এফবিআই সতর্কতা, ১৭ জানুয়ারি থেকে শপথ গ্রহণের দিন পর্যন্ত সশস্ত্র হামলা চালাতে পারে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের অন্ধ ভক্তরা।
গত ৬ জানুয়ারি তারা হামলা চালিয়েছিল মার্কিন সংসদ ভবনে। পুলিশের গুলিতে ৫ জনের মৃত্যু হয়। সেই সময় বাইডেন কে সংসদে আনুষ্ঠানিক জয়ী বলে স্বীকৃতি দানের প্রক্রিয়া চলছিল।
ইজে
















