সেতুমন্ত্রী বললেন, ‘বিএনপি নেতারা মাঠে না গিয়ে ঘরে বসে শীত উদযাপন করে’

ইসলাম টাইমস ডেস্ক: পৌরসভা নির্বাচনে বিএনপি নেতারা মাঠে না গিয়ে ঘরে বসে শীত উদযাপন করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কাদের বলেছেন, ‘তারা (বিএনপি) জনগণের কাছে ভোট না চেয়ে সরকারের অন্ধ সমালোচনা ও মিথ্যাচারকেই ব্রত হিসেবে নিয়েছে। যা প্রকারান্তরে তাদের রাজনৈতিক অস্তিত্বকে দুর্বল করে তুলছে।’

রবিবার রাজধানীর সরকারি বাসভবন থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা বলেন ওবায়দুল কাদের।

অস্বচ্ছ রাজনীতির কারণে ভোটের রাজনীতি থেকে বিএনপি দিন দিন পিছিয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় নির্বাচনে দলীয় প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় লাভ করেছে- এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয়ী সবাইকে অভিনন্দন জানান। তিনি বলেন, এ বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও মানবিক নেতৃত্বে এগিয়ে যাওয়া উন্নয়ন, অগ্রযাত্রা এবং সমৃদ্ধির বিজয়। তিনি এ বিজয়কে গণতন্ত্রের অভিযাত্রাকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার বিজয়।

কাদের বলেন, নির্বাচন কমিশনের প্রাথমিক হিসেবে বলা হয়েছে গতকালের নির্বাচনে ভোটার উপস্থিতিও ছিলো আশাব্যঞ্জক। ওবায়দুল কাদের জানান, ব্যাপক ভোটার উপস্থিতি শেখ হাসিনা সরকার ও নির্বাচন ব্যবস্থার উপর জনগণের অব্যাহত আস্থারই বহিঃপ্রকাশ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন যারা দেশের নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চায়, নির্বাচন নিয়ে কথায় কথায় হতাশা প্রকাশ করে, গতকালের নির্বাচনে জনগণ তাদের উদ্দেশ্যমূলক অপপ্রচারের জবাব দিয়েছে। বিএনপি নেতারা বলেছেন ভোটকেন্দ্র নাকি সরকারি দলের দখলে ছিলো, এই অভিযোগ প্রসংগে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে বলেন তাহলে তাদের ৪ জন প্রার্থী কিভাবে বিজয়ী হলেন?

তিনি বলেন, বিএনপি নেতারা মাঠে না গিয়ে ঘরে বসে শীত উদযাপন করে। কর্মীরা ভোট দিতে চাইলেও মাঝ দুপুরে ভোট বর্জনের সংস্কৃতি তাদের তাড়া করে। ৬০ টি পৌরসভার মধ্যে ২৯ টিতে ইভিএম এবং ৩১ টিতে ব্যালটে ভোট হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন ইভিএমে জনগণ স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করেছে। তাদের মধ্যে ছিলো না কোন জড়তা। ইভিএমে ভোট প্রদানে জনগণের আগ্রহ এখন অনেক বেড়েছে বলেও জানান তিনি।

বিএনপির সমালোচনা করে কাদের বলেন, বিএনপির আমলে নির্বাচন মানেই হানাহানি, সংঘাত আর প্রাণহানি লেগেই থাকতো। বর্তমান সরকারের সময়ে স্থানীয় সরকারের বিভিন্ন ইউনিটে নির্বাচনে হানাহানি ও অস্ত্রের মহড়া বন্ধ হয়েছে।

ওবায়দুল কাদের সিরাজগঞ্জে যে সংঘাত হয়েছে তা দুঃখজনক উল্লেখ করে বলেন দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবেই নির্বাচন অনুষ্ঠানে আইন প্রয়োগকারী সংস্থা দায়িত্ব পালন করেছেন এবং তাদেরকে ভবিষ্যতে আরো কঠোর ভূমিকা পালন করারও নির্দেশ দেন।

-এসএন

পূর্ববর্তি সংবাদরিজভী বললেন, ‘নির্বাচনের ফলাফল শেখ হাসিনার বাসায় আগেই ঠিক করা থাকে’
পরবর্তি সংবাদসুদানের দারফুরে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪৮