রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, শীত বাড়ার সম্ভাবনা

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীতে বুধবার (২০ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।

এদিন সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানেও দুপুর ও রাতে বৃষ্টি হতে পারে বলে আবহওয়া পূর্বাভাসে বলা হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ ০ থেকে ২৫ মি.মি পর্যন্ত হতে পারে বলেও জানা গেছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে এবং দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ১০টা থেকে দুপুর ১২টার দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌ-যানকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে কোনো সংকেত দেখাতে হবে না।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

-এসএন

পূর্ববর্তি সংবাদসংসদে দ্রুত স্কুল খুলে দেওয়ার অনুরোধ এমপিদের
পরবর্তি সংবাদঅ্যালার্জিজনিত কারণে ক্যালিফোর্নিয়ায় মডার্নার টিকাদান স্থগিত