ইসলাম টাইমস ডেস্ক: ভারতের ‘পদ্মশ্রী-২০২১’ খেতাব পাচ্ছেন বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী সনজীদা খাতুন এবং মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক। এ খেতাবটিকে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে গণ্য করা হয়।
সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় ভারতীয় হাইকমিশন সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এর আগে ভারতের তৃতীয় বেসামরিক সর্বোচ্চ সম্মাননা ‘পদ্মভূষণ’ পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামান।
উল্লেখ্যে, ভারত সরকার শিল্পকলা, শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মান প্রদান করেন।
সনজীদা খাতুন একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, এছাড়া তিনি সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান সভাপতি।
অপরদিকে লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরের অধীনে দ্বিতীয় গোলন্দাজ বাহিনীকে সংগঠিত করেন। বাংলাদেশ সরকার তাকে বীরপ্রতীক খেতাব দেয়।
বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার ঘোষণা
এদিকে ২০২০ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে আজ সোমবার ( ২৫ জানুয়ারি)। ১০ বিভাগে ১০ জন এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন।
সোমবার (২৫ জানুয়ারি) বিকালে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০’ ঘোষণা করেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন, কবিতায় মুহাম্মদ সামাদ, কথাসাহিত্যে ইমতিয়ার শামীম, প্রবন্ধ/গবেষণায় বেগম আকতার কামাল, অনুবাদে সুরেশরঞ্জন বসাক, নাটকে রবিউল আলম, শিশুসাহিত্যে আনজীর লিটন, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় সাহিদা বেগম, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে অপরেশ বন্দোপাধ্যায়, আত্মজীবনীতে ফেরদৌসী মজুমদার এবং ফোকলোর বিভাগে মুহাম্মদ হাবিবুল্লা পাঠান।
-আরএম
















