ইসলাম টাইমস ডেস্ক: ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের আনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৫০ লাখ টিকা মানবদেহে প্রয়োগের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সংবাদ সম্মেলনে ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান সাংবাদিকদের এ কথা জানান।
মহাখালীতে ডিজিডি এর সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মেজর জেনারেল মাহবুবুর রহমান জানান, ভারত থেকে আসা টিকা পরীক্ষা-নিরীক্ষা করে প্রথম চালানের ৫০ লাখ ডোজ টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছেন তারা।
তিনি বলেন, ‘টিকার প্রতিটা লটের নমুনা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়েছে। আগামীকাল বুধবার এই টিকা দিয়েই শুরু হবে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৭ জানুয়ারি) কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম উদ্বোধন করবেন। অনলাইনে ডিজিটাল ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’তে রেজিস্ট্রেশন ছাড়া এ ভ্যাকসিন কাউকে দেওয়া হবে না বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরো পড়ুন: ঢাকায় এলো ভারত থেকে কেনা ৫০ লাখ টিকা: তেমন আগ্রহ নেই মানুষের মাঝে
-আরএম
















