শেখ হাসিনার সততা-প্রতিশ্রুতি বাস্তবায়নে জনগণ খুশি: সেতুমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: শেখ হাসিনার সততা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নে জনগণ খুশি বলে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা দিলে কথা রাখেন। দ্রুত ভ্যাকসিন এনে তিনি সেটিই প্রমাণ করেছেন।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখুন, অপপ্রচার ও সংশয়বাদীদের প্রত্যাখ্যান করুন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নিজের সরকারি বাসভবন থেকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ভ্যাকসিনের মতো স্পর্শকাতর ইস্যুতে ব্যবসায়িক স্বার্থের অভিযোগ অমূলক ও ভিত্তিহীন বলে দাবি করেছেন সেতুমন্ত্রী । তিনি বলেন, কাউকে লাভবান করা বা কারও ব্যবসায়িক স্বার্থ রক্ষায় সরকার করোনা ভ্যাকসিন সংগ্রহ করেনি। এটা সংগ্রহ করা হয়েছে জনগণের স্বার্থে। বিএনপি এ নিয়ে অপপ্রচার, গুজব এবং বিভ্রান্তি ছড়িয়ে মানুষ যাতে ভ্যাকসিন গ্রহণ না করে সে বিষয়ে সংশয় সৃষ্টি করছে এবং করোনা ক্রাইসিসকে দীর্ঘসূত্রিতার দিকে ঠেলে দিচ্ছে।

করোনা ভ্যাকসিনের মতো জনসম্পৃক্ত ইস্যুতে বিভ্রান্তি না ছড়ানোর জন্য বিএনপির প্রতি আহবান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, জনগণের মধ্যে সংশয় তৈরি করে অহেতুক একটা ভালো কাজে বাধা দেওয়া ঠিক নয়। দলটিকে রাজনৈতিক দল হিসেবে ভ্যাকসিন ইস্যুতে গঠনমূলক এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, ভ্যাকসিন নিয়ে তাদের মিথ্যাচার জনগণ অতীতের মতো এখনও আমলে নিবে না।

সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে বড় দুর্নীতি করেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এই অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বিএনপি নেতা মির্জা ফখরুলকে আয়নায় নিজের মুখ দেখার পরামর্শ দেন।

এদেশে ভোটের নামে প্রহসনের রেকর্ড একমাত্র বিএনপির উল্লেখ করে তিনি বলেন, ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন, মাগুরা ও ঢাকা ১০ আসন উপনির্বাচন বিএনপি ভুলে গেলেও জনগণ এখনও ভুলে যায়নি।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হওয়ার আগেই বিএনপি অহেতুক কারচুপির যে অভিযোগ করছে, তা কতটুকু সত্য, এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, তারা অবান্তর অভিযোগ এনে নিজেরাই নিজেদের হেরে যাওয়ার কল্পকাহিনী তৈরি করে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। জনগণ অবাধ ও নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সরকার কোনও হস্তক্ষেপ করবে না বলে জানান তিনি।

-আরএম

পূর্ববর্তি সংবাদএনজিও থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে না পারায় জেলে মায়ের সঙ্গী এক বছরের শিশু
পরবর্তি সংবাদভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছে বাংলাদেশের সেনারা