ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগ ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে শাসকদল সমর্থিত আবু হাসনাত বেলালের সমর্থক আলাউদ্দিনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বুধবার সকাল থেকে সেখানে দফায় দফায় সংঘর্ষ হয়।
এদিকে নির্বাচনের ভোটকেন্দ্র থাকায় রাজনৈতিক সহিংসতা শিকার হয়েছে জামিয়াতুল উলুম আল ইসলামিয়া লালখান বাজার মাদরাসা।

জানা গেছে, চট্টগ্রাম সিটি নির্বাচন উপলক্ষ্যে তিন দিনের জন্য মাদরাসা ছুটি দেয়া হয়। কিন্তু তারপরও রাজনৈতিক সহিংসতা থেকে রক্ষা পায়নি মাদরাসা ভবন।

সামাজিকমাধ্যমে দেখা গেছে, মাদরাসার ভবনে একাধিক জানালার কাঁচ ভাংচুর করা হয়েছে।

একটি কওমী মাদরাসায় এধরনের সহিংসতার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মাদরাসার ছাত্র-শিক্ষকসহ স্থানীয় এলাকাবাসী।
অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা জানান,সকাল পৌনে ৯টা থেকে নগরীর লালখান বাজার চানমারি রোডের শহীদ নগর সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় আলাউদ্দিন নামের এক যুবক আহত হয়েছেন। তিনি কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত বেলালের সমর্থক বলে জানা গেছে।

হামলায় উভয়পক্ষ হকিস্টিক, লাঠি ব্যবহার করেছে। এছাড়া এলোপাতাড়ি কাচের বোতল, ইটপাটকেল ছোড়া হয়। পরে বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এদিকে পুলিশ লাইন কেন্দ্রেও গোলযোগের খবর পাওয়া গেছে।
-এসএন
















