টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, নার্সসহ প্রথম টিকা নিলেন ৫ জন

ইসলাম টাইমস ডেস্ক: দেশে করোনাভাইরাসের পরীক্ষামূলক টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বিকেল সাড়ে ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী ঘোষণার পর এখন পর্যন্ত ৫ জন টিকা নিয়েছেন বলে জানা গেছে।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা প্রথম করোনা ভাইরাসের টিকা নেন। এরপর ভ্যাকসিন নেন একই হাসপাতালের চিকিৎসক ডা. আহমেদ লুৎফুল মোবেন। এরপর নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশ মতিঝিল বিভাগের দিদারুল ইসলাম, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ।

জানা গেছে, টিকা নেয়ার সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলে উৎসাহ দেন।

উদ্বোধনের পরপরই নিবন্ধনের জন্য অনলাইন ‘সুরক্ষা প্ল্যাটফর্ম’ খুলে দেওয়া হয়।

টিকাদান কার্যক্রম উদ্বোধনের পর প্রথম পর্যায়ে নির্বাচিত ১০০ জনকে পাঁচটি হাসপাতালে টিকা দেওয়া হবে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী প্রথম টিকা দেওয়ার দৃশ্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রত্যক্ষ করেন।

দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি।

ঔষধ প্রশাসন অধিদপ্তর ভারত থেকে কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৫০ লাখ ডোজ টিকার অনুমোদন দিয়েছে মঙ্গলবার। দেশব্যাপী টিকা দেওয়ার জন্যও বিস্তারিত পরিকল্পনা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

-এমএসআই

পূর্ববর্তি সংবাদএবার পশ্চিম তীরের একটি মসজিদ শহীদ করে দিল ইসরাইল
পরবর্তি সংবাদইরফান সেলিমকে কেন জামিন দেওয়া হবে না- জানতে চেয়ে হাইকোর্টের রুল