রাজধানীর ৫ হাসপাতালে করোনার টিকাদান শুরু

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানী ঢাকার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯’র টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা শুরু হওয়া এ কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।

পাঁচটি হাসপাতাল হলো— ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতাল।

সবমিলিয়ে এই হাসপাতালগুলোতে আজ প্রায় পাঁচ শ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। তারা সবাই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মী।

এর আগে বুধবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখা হাসিনা।

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক কনক কান্তি বড়ুয়া প্রথম টিকা নিয়ে ওই হাসাপাতালের টিকা কার্যক্রমের সূচনা করেন।

আজ টিকা দেয়ার পর ৬ ফেব্রুয়ারি পর্যন্ত টিকাদান বন্ধ থাকবে। টিকা গ্রহণকারী ব্যক্তিদের পর্যবেক্ষণে রাখা হবে। ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হবে।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঁচজনকে টিকা দেয়া হয়। প্রথম টিকা নেন কুর্মিটোলা হাসপাতালের নার্স রুনু বেরুনিকা কস্তা।

আরও টিকা নিয়েছেন- ডা. আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশের মতিঝিল বিভাগের কর্মকর্তা দিদারুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। সব মিলিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বিভিন্ন পেশার ২৬ জনকে ভ্যাকসিন দেয়া হয়।

টিকাদান কার্যক্রম শুরুর মধ্য দিয়ে করোনাভাইরাস প্রতিরোধী লড়াইয়ে বিশ্বের ৫৪তম দেশ হিসেবে টিকা প্রয়োগে যুক্ত হলো বাংলাদেশ। ইউরোপের বিভিন্ন দেশ, আমেরিকা, যুক্তরাজ্যসহ বিশ্বের ৫৩টি দেশে এর আগে টিকার প্রয়োগ শুরু হয়।

-এসএন

পূর্ববর্তি সংবাদ‘আমাকে ওবায়দুল কাদের বলেছেন, ‘‘তুই আমার পদ খাইবি’’: আ. কাদের মির্জা
পরবর্তি সংবাদমহামারীর সাথে সাথে বর্ণবাদ ভাইরাস সংক্রমণের হারও বেড়ে চলছে: এরদোগান