ফিলিস্তিনের পশ্চিম তীরে ১০ হাজার গাছ ধ্বংস করেছে দখলদার ইসরাইলি বাহিনী

ইসলাম টাইমস ডেস্ক: অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের সংরক্ষিত একটি প্রাকৃতিক অভয়ারণ্যের ১০ হাজার গাছ উপড়ে ফেলেছে দখলদার ইসরাইলি বাহিনী। বুধবার ইসরাইলি বাহিনীর এক সামরিক অভিযানে এই গাছ উপড়ে ফেলে হয় বলে স্থানীয় ফিলিস্তিনি বাসিন্দারা জানান।

জর্ডান উপত্যকায় ইসরাইলি বসতির কার্যক্রম তদারককারী কর্মকর্তা মোয়াতাজ বিশারাত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে বলেন, সকালে তুবাস শহরের আইনুন এলাকায় দখলদার সেনাবাহিনীর সামরিক যান ও কয়েক ডজন সৈন্য প্রবেশ করে। সেখানে তারা চার শ’ দুনুম (৯৮ একর) আয়তনের সংরক্ষিত প্রাকৃতিক অভয়ারণ্য ধ্বংস করে।

তিনি জানান, দখলদার বাহিনী এই সময় অন্তত তিন শ’ জলপাই গাছসহ প্রায় ১০ হাজার গাছ উপড়ে ফেলে।

সংরক্ষিত ওই প্রাকৃতিক অভয়ারণ্যের উপড়ে ফেলা গাছগুলো আট বছর আগে ফিলিস্তিনে বনায়ন প্রকল্পের অংশ হিসেবে লাগানো হয়েছিল। ফিলিস্তিনে ভেনিজুয়েলার কনস্যুলেটের অর্থায়নে ও ফিলিস্তিনি কৃষি মন্ত্রণালয়ের তদারকিতে এই প্রকল্প নেয়া হয়েছিল।

বিশারাত বলেন, সামরিক জোন হিসেবে শ্রেণীভুক্ত করে ওই স্থানের গাছ ধ্বংস করা হয়েছে বলে দখলদার বাহিনী জানিয়েছে।

এ দিকে ঘটনার পরিপ্রেক্ষিতে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিসটেন্স কমিশন এক বিবৃতিতে জানায়, ইসরাইল জর্ডান উপত্যকায় যুদ্ধ বাধানোর মিশনে বিশেষ বাহিনী তৈরি করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘এরিয়া সি অঞ্চলের নির্মাণকাজ ও কৃষির তত্ত্বাবধানের জন্য নিরাপত্তা বিভাগ তৈরি হয়েছিল। এটি ফিলিস্তিনিদের উপস্থিতি নিশ্চিহ্ণ করতে কাজ করছে।’

কমিশন ইসরাইলি বাহিনীর এই পদক্ষেপকে ‘গাছ, ভবন, গবাদি পশু ও জীবিকার উৎস নিশ্চিহ্ন করার অভিযান ও অপরাধ’ হিসেবে বিবৃতিতে উল্লেখ করে।

বিবৃতিতে ইসরাইলের এই পদক্ষেপকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে বর্ণনা করে কমিশন।

বিবৃতিতে একইসাথে অধিকৃত ভূখণ্ডের ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগ নেয়ার আহ্বান জানানো হয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

-এনটি

পূর্ববর্তি সংবাদ৭১-এর গণহত্যার জন্য দিল্লিতে পাকিস্তানের বিচার চাইলেন বাংলাদেশি নুজহাত চৌধুরী
পরবর্তি সংবাদভারতে বাবাকে ব্লাকমেইল করে ১০ কোটি টাকা দাবি ১১ বছরের ছেলের!