ইসলাম টাইমস ডেস্ক: মসজিদ থেকে নামাজ পড়ে আসার সময় একটি বাউন্ডারি দেয়াল ধসে পড়ে এক বৃদ্ধসহ দুই জন নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদের ডেবার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন– শহীদুল্লাহ্ (৭০) ও আল আমিন। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। শহীদ পিডিবির গাড়িচালক ছিলেন। তার বাড়ি নোয়াখালীর বসুরহাটে। আল আমিন আগ্রাবাদের বেতারকেন্দ্র এলাকার বাসিন্দা।
নিউটন দাশ বলেন, ‘ডেবার পাড় রেলওয়ে জামে মসজিদের পাশের একটি সীমানা দেয়াল ধসে এই ঘটনা ঘটে। ধসে পড়া দেয়ালের আঘাতে শহীদুল্লাহ ঘটনাস্থলে মারা যান। অন্যজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে মারা যান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সীমানা দেয়ালের পাশে বালু রাখা হয়েছিল। স্কেভেটর দিয়ে সেগুলো পরিষ্কার করার সময় দুর্ঘটনা ঘটে। তাই প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, স্কেভেটরের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটতে পারে।’
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘আগ্রাবাদ ডেবার পাড়ে দেয়াল ধসের ঘটনায় আহত চার জনের মধ্যে দুই জনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পর শহীদুল্লাহ নামে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আল আমিন নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর দুই জনকে হাসপাতালের অর্থোপেডিক্স ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’
-এসএন
















