দিল্লিতে ইসরাইলের দূতাবাসের সামনে শক্তিশালী বিস্ফোরণ

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের কেন্দ্রিয় রাজধানী দিল্লিতে ইজরায়েলের দূতাবাসের সামনে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় এখনও কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে আচমকা প্রচণ্ড শব্দে কেঁপে উঠে দূতাবাস সংলগ্ন এলাকা। জানা যায়, দূতাবাস থেকে প্রায় ৫০ মিটার দূরে জিন্দাল হাউসে আইইডি বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানী ঘটেনি বলে জানিয়েছে তারা। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে এটা সন্ত্রাসবাদী হামলা।

ফুটপাতের উপর বিস্ফোরণ হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সেই ফুটপাতের সামনে দাঁড়িয়ে থাকা তিনটি গাড়ির কাঁচ ভেঙে যায়। দিল্লির এপিজে আবদুল কালাম রোড-এ অবস্থিত ইজরায়েলি দূতাবাস। দুপুর পাঁচটা বেজে ১১ মিনিট নাগাদ দমকল অফিসে বিস্ফোরণের খবর আসে। প্রায় সঙ্গে সঙ্গে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। জানা গিয়েছে, রাস্তার পাশে ডিভাইডারের উপর রাখা একটি ফুলের টবে রাখা ছিল বিস্ফোরক।

উল্লেখ্য, এর আগে ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি দিল্লিতে ইসরায়েলের কূটনীতিকের গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ইরানের হাত থাকার অভিযোগ উঠেছিল। ফলে রীতিমতো কূটনৈতিক চাপানউতোর শুরু হয়েছিল তেল আবিব, নয়াদিল্লি ও তেহরানের মধ্যে।

সূত্র: জিও নিউজ, সংবাদ প্রতিদিন

-এসএন

পূর্ববর্তি সংবাদকোলের শিশুকে ব্রিজ থেকে পানিতে ফেলে দিল মা!
পরবর্তি সংবাদশনিবার সকাল ১০টায় এইচএসসি পরীক্ষার ফল