ইসলাম টাইমস ডেস্ক: রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে আটকের ঘটনায় দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। ওই বিক্ষোভে যোগ দিয়েছেন নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালইয়া। সেখান থেকেই রোববার তাকে আটক করে পুলিশ। নাভালনি টিমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন।
একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, দেশটির বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে কারাগারে বন্দি করে রাখার বিরুদ্ধে রাজপথে নেমেছেন তার সমর্থকরা। এদিকে দেশজুড়ে এসব বিক্ষোভ থেকে ১ হাজার ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দীর্ঘদিন ধরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ, সমাবেশ করছেন রাশিয়ার বিরোধী দলের সমর্থকরা। রোববার দেশটিতে নতুন করে বিক্ষোভ শুরু হলে মস্কোর পুলিশ মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে এবং সিটি সেন্টারে লোকজনের চলাচল সীমাবদ্ধ করে দিয়েছে।
সম্প্রতি দেশে ফেরার পরই আটক হন বিরোধী নেতা নাভালনি। এর আগে নার্ভ এজেন্ট প্রয়োগ করে হত্যার চেষ্টা করা হলে গুরুতর অসুস্থ অবস্থায় এই রুশ নেতাকে জার্মানিতে স্থানান্তর করা হয়। তার শারীরিক অবস্থার উন্নতির পর বেশ কিছুদিন আগে তিনি দেশে ফেরেন। এরপরই পুতিন সরকার তাকে আটক করে কারাগারে পাঠায়।
অর্থ আত্মসাতের একটি মামলার বিষয়ে নাভালনির নিয়মিত পুলিশের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি তিনি তা অমান্য করায় তাকে আটক করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। কিন্তু অনেকদিন ধরেই চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন তিনি। তাই তাকে এখন আটক করা অবৈধ বলে মনে করেন তার সমর্থকরা।
-আরএম
















