ইসলাম টাইমস ডেস্ক: গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, প্রতি জেলায় একটি সরকারি স্কুলে ইংরেজি ভার্সন চালু করা হবে। এজন্য প্রত্যেক স্কুলে দুজনকে আলাদা ইংরেজি শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
আজ রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী জানান, সরকারি স্কুলের ইংরেজি ভার্সন চালু করার জন্য শিগগিরই পাইলটিং শুরু হবে। এরপর সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই আমরা এটা শুরু করতে চাই।
জাকির হোসেন বলেন, ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় এক হাজার প্রাথমিক শিক্ষককে ৯টি (প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট) পিটিআইয়ের মাধ্যমে ইংরেজির বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। পর্যায়ক্রমে আরো ১ লাখ ৩০ হাজার ইংরেজির ওপর প্রশিক্ষণ ওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম হাসিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুর আলম, ব্রিটিশ কাউন্সিল এবং ব্রিটিশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
-এসএন
















