ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৬৯ জন। এছাড়া গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৪৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৯ হাজার ৭৪৪ জন হয়েছে।
রোববার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩৬৯ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৫ হাজার ১৩৯ জন। আরও ১৬ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ১২৭ হয়েছে।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। সে হিসাবে কোভিড-১৯ শনাক্তের ৩১১তম দিন পার করছে বাংলাদেশ।
গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এর আগে গতকাল শনিবার (৩০ জানুয়ারি) করোনায় আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছিল। শনাক্ত হয়েছিল ৩৬৩ জন। বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন ৩৩৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছিল বলে গতকাল স্বাস্থ্য অধিদফতর করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছিল।
-এনটি
















