ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর ভাটারায় মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গতরাতে সেখানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ৬ জনকে। উদ্ধার করা হয়েছে বিদেশি মদের খালি বোতলসহ নানা সরঞ্জাম।
গত কয়েক দিনে বিভিন্ন এলাকায় বিষাক্ত মদপানে ৭ জনের মৃত্যুর পর এই অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।
এদিকে, বগুড়ায় বিষাক্ত মদপানে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুইদিনে মৃতের সংখ্যা বেড়ে ১০। এ ঘটনায় আট জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বিদেশি বোতলে ভেজাল মদ বিক্রির অভিযোগ পেয়ে অভিযানে নামে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে রাজধানীর ভাটারা থানার খিলবাড়ীর টেক মুক্তিপল্লী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ৬ জনকে।
ফেরিওয়ালার কাছ থেকে বিদেশি মদের খালি বোতল সংগ্রহ করে, তাতে ভরা হয় স্পিরিট আর চিনির সিরা। মাত্র ১ থেকে দুই মিনিটেই প্রস্তুত করা হয় এই বিষাক্ত পানীয়। এরপর বিদেশি মদ বলে এসবই ছড়িয়ে দেয়া হয় বিভিন্ন জায়গায়।
গেলো কয়েকদিনে অন্তত ২৫০ জনের কাছে ভেজাল মদ বিক্রির কথা স্বীকার করেছে অভিযুক্তরা। পুলিশ বলছে, এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না খোঁজা হচ্ছে।
ভেজাল মদ পান করে এ পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ।
-এসএন
















