রিসোর্টে অতিরিক্ত মদপান: বিজ্ঞাপনী সংস্থার ৩ কর্মীর মৃত্যুতে মামলা

ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুরের সরাহ রিসোর্টে অতিরিক্ত মদ পান করে বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকের সহযোগী প্রতিষ্ঠান ফোরথট ও ব্ল্যাক বোর্ড পিআর এজেন্সির ৩ কর্মী মৃত্যুর ঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নয়ন ভূইয়া বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে এ মামলা (নম্বর-২) করেন।

মামলার অভিযোগে আরও বলা হয়, ওই কর্মীরা সারা রিসোর্টে অবস্থানকালে অজ্ঞাত ব্যক্তিরা অবহেলা জনিতভাবে ভেজাল মদ সরবরাহ করে এবং বনভোজনে আগতদের ভেজাল মদ পান করিয়ে মৃত্যু ঘটায়।

তবে ওই বিজ্ঞাপনী সংস্থার শিহাব জহির, কায়সার আহমেদ এবং শরীফ নামের তিন কর্মীর মৃত্যু হলেও মামলায় শুধুমাত্র মো. শিহাব জহিরের মৃত্যুর কথা উল্লেখ রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। অসুস্থ ব্যক্তিরা ঢাকায় গিয়ে মৃত্যুবরণ করেছেন। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে তাদের ময়নাতদন্ত হয়েছে। সুরতহাল ও ময়নাতদন্তের নথিপত্র আসলে অন্য দুজন মৃত্যুর তথ্যে মামলায় যুক্ত করা হবে।

সারা রিসোর্টে বাইরে থেকে খাদ্যদ্রব্য নিয়ে প্রবেশ করা যায় কিনা প্রশ্নে তিনি বলেন সেটা কর্তৃপক্ষ বলতে পারবে। কর্তৃপক্ষের কি কি অবহেলা ছিল ও কিভাবে, কারা মদ সরবরাহ করেছে সে বিষয়গুলো নিয়ে তদন্ত চলছে।

ইজে

পূর্ববর্তি সংবাদরাশিয়ায় পুতিন-বিরোধী রাজনীতিক নাভালনির সাড়ে ৩ বছরের জেল
পরবর্তি সংবাদমিয়ানমারে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন স্বাস্থ্যকর্মীরা