নাটোরে শিশু ধর্ষণের মামলায় আসামির যাবজ্জীবন

ইসলাম টাইমস ডেস্ক: নাটোরে দুই শিশুকে ধর্ষণ মামলায় ইয়াকুব আলী (৩৬) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার নাটোর জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইমদাদুল হক এ আদেশ দেন।

ইয়াকুব আলী নাটোর লালপুর উপজেলার শ্রীরামগাড়ি এলাকার এসকেন আলীর ছেলে।

মামলা সূত্র জানায়, ২০১৭ সালের ২৭ নভেম্বর লালপুর উপজেলার শ্রীরামগাড়ি এলাকার ইয়াকুব আলী দুই শিশুকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে পার্শ্ববর্তী বাঁশঝাড়ে ডেকে নিয়ে যায়। এ সময় ইয়াকুব আলী শিশু দুটিকে ধর্ষণ করে।

রক্তাক্ত অবস্থায় শিশু দুটি বাড়ি গিয়ে তাদের অভিভাবককে বিষয়টি জানায়। পরে তাদেরকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়।

চিকিৎসা শেষে শিশু দুটি সুস্থ হয়ে উঠলে ওই বছরের ৩১ ডিসেম্বর লালপুর থানায় ইয়াকুব আলীকে আসামি করে ধর্ষণ মামলা করেন শিশু দুটির অভিভাবক।

পরে আসামি ইয়াকুব আলীর বিরুদ্ধে ২০১৮ সালের ১৭ এপ্রিল চার্জগঠন করা হয়। মামলায় ১৪ জনের সাক্ষ্য শেষে বিচারক ইমদাদুল হক আসামি ইয়াকুব আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।

-এসএন

পূর্ববর্তি সংবাদকী আছে আল-জাজিরার সেই প্রতিবেদনে? সরকার ও বিশিষ্টজনেরা কী বলছেন?
পরবর্তি সংবাদএশিয়া, আরব ও আফ্রিকায় গত দশ বছরের ১০টি সামরিক অভ্যুত্থান