এক বছরে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ২২ লক্ষ অভিযোগ!

ইসলাম টাইমস ডেস্ক: গত এক বছরে ভারত সরকারের বিরুদ্ধে ২২ লক্ষের বেশি অভিযোগ (public grievances) জমা পড়েছে সরকারি পোর্টালে। যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। বৃহস্পতিবার রাজ্যসভায় এ কথা জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং।

সরকারি তথ্য অনুযায়ী, সেন্ট্রাল পাবলিক গ্রিভেন্স রিঅ্যাড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেমে ২০২০ সালে ২২ লক্ষ ৭১ হাজার ২৭০ অভিযোগ জমা পড়েছে। ২০১৯ সালে ১৮ লক্ষ ৬৭ হাজার ৭৫৮টি অভিযোগ জমা পড়েছিল। ২০১৮ সালে সংখ্যাটা ছিল আরও কম। মাত্র ১৫ লক্ষ ৮৬ হাজার ৪১৫টি। এর মধ্যে অধিকাংশ সমস্যার সমাধান হয়ে গিয়েছে বলে দাবি ওই কেন্দ্রীয় মন্ত্রীর। মাত্র ১০ লক্ষ ২৩ হাজার ৩০০টি অভিযোগের সমাধান বাকি রয়েছে।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আরও জানিয়েছেন, সমস্যা সমাধান করতে নিয়মিত বৈঠকে বসছেন মন্ত্রণালয়ের কর্মীরা। তাঁরা অভিযোগের উপর নিয়মিত নজর রাখছেন। সেই সমস্যা মেটানোর চেষ্টাও করা হচ্ছে। চলতি বছরের শুরুতেই ৫ জানুয়ারি বৈঠকে বসেছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মীরা। জিতেন্দ্র আরও জানিয়েছেন, প্রতিটি বিভাগেই অভিযোগ জমা করার ব্যবস্থা রয়েছে। সেখান থেকেও সমস্যা সমাধান করা হয়।

তবে মাত্র একবছরে জমা হওয়া অভিযোগের সংখ্যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে ওয়াকিবহাল মহল। তাদের কথায়, বিভিন্ন ক্ষেত্রে সরকারি পরিষে্বা ব্যাহত হচ্ছে। অথবা অভ্যন্তরীণ কারণে পরিষেবা পাচ্ছে না আমজনতা। তাই দিন দিন সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে। এই অভিযোগের পাহাড় তারই প্রমাণ।

সূত্র: সংবাদ প্রতিদিন।

-এনটি

পূর্ববর্তি সংবাদযশোর কেন্দ্রীয় কারাগারের স্টাফ কোয়ার্টারে আগুন, পুড়েছে ৭ ঘর
পরবর্তি সংবাদআসামির নারীর সঙ্গে সাক্ষাতের জের, কাশিমপুরের জেল সুপার-জেলারসহ বরখাস্ত ১১