ইসলাম টাইমস ডেস্ক: ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক অভিযানের পক্ষে ওয়াশিংটনের সমর্থন বন্ধের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, এই যুদ্ধের অবসান ঘটাতে হবে। বিশ্বব্যাপী কূটনীতি, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান জোরদারের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শন ও সেখানে কূটনীতিকদের উদ্দেশে দেয়া বক্তব্যে বৃহস্পতিবার বাইডেন একথা বলেন।
বাইডেন বলেন, ইয়েমেন আরব উপদ্বীপের সবচেয়ে দরিদ্র দেশ। দেশটিতে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলা মানবিক ও কৌশলগত বিপর্যয় সৃষ্টি করেছে। কূটনীতির মাধ্যমে দেশটিতে চলমান পাঁচ বছরের সংঘাতের অবসান ঘটানো সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসাবে টিমোথি লেন্ডারিংয়ের নাম ঘোষণা করেন বাইডেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে ধারাবাহিক পরিবর্তনের অংশ হিসেবে বৃহস্পতিবার ইয়েমেন যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের প্রতি সমর্থন উঠিয়ে নেয়ার ঘোষণা দেয়া হয়। স্থিতিশীলতা রক্ষার স্বার্থে’ ওবামার পর ইয়েমেনে হামলা চালাতে সৌদি আরবকে সমর্থন দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর আগে গত সপ্তাহে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে অস্ত্র বিক্রি স্থগিত করে বাইডেনের প্রশাসন। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের সাতদিনের মাথায় মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানের চিরবৈরী এই দুই দেশের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা এই অস্ত্র দিয়েই মূলত ইয়েমেনের হাউছি বিদ্রোহী ও সাধারণ মানুষের ওপর হামলা চালাতো দেশ দুটি।
এর আগে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর রিয়াদের সাথে ওয়াশিংটনের সম্পর্ক ‘পুনর্নিমাণের’ অঙ্গীকার করেছিলেন বাইডেন। দায়িত্ব নেয়ার পর থেকেই ট্রাম্প প্রশাসনের প্রধান প্রধান বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত পরিবর্তন বা পর্যালোচনা করতে একের পর এক নির্বাহী আদেশ জারি করেন নতুন এই মার্কিন প্রেসিডেন্ট।
-আরএম
















