ইসলাম টাইমস ডেস্ক: কুমিল্লায় র্যাবের পৃথক অভিযানে ১৬৪ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
তাদের কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কার্ভাডভ্যান জব্ধ করা হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
গ্রেফতারকৃতরা হলেন- জেলার লাকসাম উপজেলার পইশাগি গ্রামের জালাল আহম্মেদের ছেলে মো.বাহার উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলার বদরপুর গ্রামের রফিক মিয়ার ছেলে ইমন মিয়া, সদর উপজেলার পূবর্ চাঁনপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন ও বুড়িচং উপজেলার ভরাসাল গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাকিল।
তিনি জানান, শুত্রকার ভোরে এবং দুপুর র্যাবের সদস্যরা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজার, সদর উপজেলার আমতলী ও পূর্ব চাঁনপুর এবং বুড়িচং উপজেলার ভরসাবাজার এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই চার মাদক ব্যবসায়ীকে ১৬৪ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।
-এসএন
















