ইসলাম টাইমস ডেস্ক: শেরপুরের শ্রীবরদীর সীমান্ত এলাকায় আক্রাম হোসেন (৩০) নামে এক যুবক বিএসএফের হাতে আটক হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সীমান্তের হারিয়াকোনা গ্রামের ১০৯৫ পিলারের পাশে সীমানা অতিক্রম করলে এ ঘটনা ঘটে। আক্রাম হোসেন হারিয়াকোনা গ্রামের জহুর আলীর ছেলে।
রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনায় হারিয়াকোনা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। এতে সীমানা লঙ্ঘনের অভিযোগ তুলে বিএসএফ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার মো. আব্দুল লতিফ। তিনি জানান, শনিবার দিবাগত মধ্যরাতে রহস্যজনক কারণে আক্রাম হোসেন সীমানার ১০৯৫ পিলারের পাশে গেলে বিএসএফ তাকে আটক করে। রবিবার এ নিয়ে পতাকা বৈঠক হয়। ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে একমাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
স্থানীয় একটি সূত্র জানায়, কয়েকদিন থেকে বিজিবি ও বিএসএফ সীমান্তে টহল জোরদার করেছে।
-আরএম
















