ইসলাম টাইমস ডেস্ক: প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের যাত্রীদের খাবার সরবরাহকারী ক্যাটারিং সার্ভিসের গাড়ি থেকে ওই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ইউএস বাংলার দুবাই থেকে আসা ফ্লাইট বিএস ৩৪২ বিমানবন্দরে অবতরণের পরে যাত্রীদের উচ্ছিষ্ট খাবারের বক্স গাড়িতে তোলার পর তল্লাশি চালিয়ে একটি বক্স থেকে ৬০ পিস স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায় সংস্থাটি। এ ঘটনায় ইউএস বাংলার ক্যাটারিং সার্ভিসের কর্মীরা জড়িত বলে ধারণা করছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নিয়াজুর রহমান খান।
উড়োজাহাজটি জব্দ করা হতে পারে বলে জানিয়েছেন অভিযানে সম্পৃক্ত সহকারী রাজস্ব কর্মকর্তা মনিরুল ইসলাম।
এ ঘটনায় আটক সাত জনকে জিজ্ঞাসাবাদসহ সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
-এসএন
















