গোলানে ইসরাইলি দখলদারিত্বে ট্রাম্পের নীতি থেকে সরছেন না বাইডেনও!

ইসলাম টাইমস ডেস্ক: অধিকৃত গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার কাছাকাছি গিয়েও থেমে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকিন। তবে ওই ভূখণ্ডটি ইসরাইলির নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

অর্থাৎ ওই ভূখণ্ডে ইসরাইলের অবৈধ দখলদারিত্বে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি থেকে সরে আসছেন না তার উত্তরসূরি জো বাইডেনও।

২০১৯ সালে ওই মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন ট্রাম্প। যেটিকে মার্কিন পররাষ্ট্রনীতিতে গত কয়েক দশকের সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে দেখা হয়েছে।-খবর রয়টার্সের।

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে সিরিয়ার কাছ থেকে ওই অঞ্চলটি দখল করে নেয় ইসরাইল।

আর ১৯৮১ সালে নিজেদের ভূখণ্ডের সঙ্গে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয় অবৈধ ইহুদি রাষ্ট্রটি। যদিও আন্তর্জাতিকভাবে এখন পর্যন্ত তেমন স্বীকৃতি মেলেনি।

সিএনএনকে ব্লিংকিন বলেন, বাস্তবতার নিরিখে এই পরিস্থিতিতে গোলান মালভূমির নিয়ন্ত্রণ ইসরাইলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। আর বৈধতার প্রশ্ন ভিন্ন কিছু। ধীরে ধীরে সিরিয়ার পরিস্থিতিতে যদি পরিবর্তন আসে, যা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা এসব কিছু ধারে-কাছে নেই।

তিনি বলেন, সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়া ও প্রেসিডেন্ট বাসার আল আসাদ ইসরাইলের জন্য বড় হুমকি।

আর গোলান মালভূমিতে ইসরাইলি সার্বভৌমত্বের স্বীকৃতি থেকে যুক্তরাষ্ট্র সরে আসবে না বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা জানিয়েছিলেন।

জেরুজালেমে মার্কিন দূতাবাস রাখার পক্ষেও বাইডেন প্রশাসনের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন অ্যান্থনি ব্লিংকিন।

-আরএম

পূর্ববর্তি সংবাদ১ বছরে জার্মানিতে ৯০১ মুসলিম বিদ্বেষী হামলা
পরবর্তি সংবাদ‘আন্দোলন কোন বছর হবে’ বিএনপি নেতাদের কাছে জানতে চেয়েছেন সেতুমন্ত্রী