ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে আজিজ কেমিক্যালের বয়লারে বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার সময় এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসে ৭ টি ইউনিট কাজ করেছে। তবে এখন পর্যন্ত কোন হতাহত হয়নি ।
এ সময় আগুনের বিভীষিকায় আশপাশে থাকা প্রায় ৫০টি পরিবার আতংকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এলাকার মানুষের মধ্যে আগুন আতংক বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক কর্মকর্তা জানান, বিকেল সাড়ে চারটার দিকে কারখানার হাইড্রোজেন পার অক্সাইড মেশিনে বিকল শব্দে কিছু একটা বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মেশিন জুড়ে।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের কর্মকর্তা মিয়ারাজ জানান, আগুন লাগার সংবাদে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় জয়দেবপুর ও পার্শ্ববর্তী ময়মনসিংহের ভালুকা থেকে আরো ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে। প্রাথমিকভাবে হতাহতের সংখ্যা ও আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি।
-এমএসআই
















